স্পেশাল ট্রেনে হয়রানি! অভিযোগ মানলেন রেলমন্ত্রী
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্দিষ্ট কোনো পথ বা রুট নেই। নির্দিষ্ট সময়সূচিও নেই। তাই সময়ের মধ্যে স্পেশাল ট্রেন চালানোই বেজায় সমস্যা। এই ইস্যুতে যাত্রী হয়রানির অভিযোগ কার্যত মেনেই নিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার দিল্লিতে তিনি বলেন, ‘স্পেশাল ট্রেন চালানোই হয় যাত্রী চাহিদার উপর ভিত্তি করে। সেই কারণে স্পেশাল ট্রেনের কোনো নির্দিষ্ট রুট বা সময়সূচি থাকা সম্ভব নয়। এর ফলে কিছু সমস্যা হয়।’ যদিও একইসঙ্গে এদিন রেলমন্ত্রী জানিয়েছেন যে, চলতি বছরে প্রায় ৭৮ শতাংশ স্পেশাল ট্রেনকে ‘টাইম টেবিল’ অনুসরণ করেই চালানো হয়েছে। রেল যাত্রীদের দুর্ভোগ যাতে কম হয়, সেই কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, সার্বিকভাবে স্পেশাল ট্রেনগুলির ‘পাংচুয়ালিটি’ কিংবা সময়ানুবর্তীতার গড় হার কত, সেই প্রশ্নের জবাব সুকৌশলে এড়িয়েই গিয়েছেন রেলমন্ত্রী।  

Advertisement

স্পেশাল ট্রেন নিয়ে রেল যাত্রীদের অভিযোগ ক্রমেই বৃদ্ধি পেয়েছে। স্পেশাল ট্রেনের বড়ো অংশই অস্বাভাবিক দেরিতে চলার অভিযোগ করেছেন যাত্রীরা। সোমবার নয়াদিল্লির রেলভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘গতবার প্রায় ১২ হাজার উৎসব স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। এবার তা বাড়িয়ে ১৮ হাজার করা হয়েছে। এর ফলে যাত্রী হার বৃদ্ধি পেয়েছে প্রায় আট শতাংশ। শুধুমাত্র ছটেই এবছর প্রতিদিন অতিরিক্ত ৮২ লক্ষ মানুষ রেলে চেপেছেন। গতবার তা ছিল দৈনিক প্রায় ৭৫ লক্ষ। দুর্গাপুজোয় এই সংখ্যা ছিল প্রতিদিন প্রায় ৭৬ লক্ষ। গতবারের তুলনায় প্রায় ছ’লক্ষ বেশি। সাধারণ মধ্যবিত্ত মানুষের যাতে উৎসবের মরশুমে যাতায়াতে কোনো সমস্যা না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল।’ 
রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর জানুয়ারির মধ্যে সুরাত থেকে বিল্লিমোরা পর্যন্ত বুলেট ট্রেনের ট্র্যাক তৈরি হয়ে যাবে। ফলে আগামী মে মাস থেকেই শুরু হতে পারে ওই রুটের যাত্রী চলাচল।