আগে নিষ্পত্তি করুন ট্রাইবুনালে যাওয়া ভোটারদের: সুপ্রিম কোর্ট, কমিশনের আপত্তির বিচার পরে করার নির্দেশ
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআরে নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন, নিষ্পত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে তাঁদেরই। আর কলকাতা-হাওড়া সহ যে সব পুরসভায় ভোট আসন্ন, আগে শুনতে হবে সেখানকার ভোটারদের আরজি। প্রয়োজন হলে বাড়াতে হবে ট্রাইবুনালের সংখ্যা। কলকাতার বুকে গঠন করতে হবে ট্রাইবুনাল। পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় সোমবার নির্বাচন কমিশনকে এই ভাষাতেই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তারা সাফ জানাল, কলকাতা হাইকোর্টের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত অতিরিক্ত ট্রাইবুনাল গঠন করতে হবে। নাম বাদ পড়ার পর যাঁরা আবেদন করেছেন, তাঁদের গুরুত্ব দিতে হবে। এখানেই শেষ নয়, দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘আপত্তি জানিয়ে ট্রাইবুনালে যত আবেদন জমা পড়েছে, তার বিবেচনা পরে করলেও চলবে। এত জরুরি কিছু নেই। এটা আপাতত পিছিয়ে দিন। আগে এসআইআরে নাম পড়া আবেদনকারীদের নিষ্পত্তি হোক।’ 

Advertisement

স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) জেরে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। উপনির্বাচনেও নয়। সামনেই পুরভোট। তাই এসআইআরে বাদ পড়াদের সুরাহার আরজি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, অধীররঞ্জন চৌধুরী, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এসআইআর সেলের চেয়ারম্যান প্রসেনজিৎ বসু প্রমুখ। এদিন ছিল শুনানি। আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ এবং প্রশান্ত ভূষণ। তাঁরা জানান, ‘পশ্চিমবঙ্গে মোট ৩৮ লক্ষ ৩১ হাজার ৪২৯ জন ট্রাইবুনালে আবেদন করেছেন। এ পর্যন্ত মাত্র ১ লক্ষ ২৬ হাজার ১৯৪টির নিষ্পত্তি হয়েছে। তার প্রায় ৯৩ শতাংশ ভোটারের নামই ফের তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছে ট্রাইবুনাল। উল্লেখ্যযোগ্য বিষয়, এসআইআরে নাম বাদ পড়ার পর নতুন করে নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করেছেন ২২ লক্ষ ২১ হাজার ১১৮ জন। আর অদ্ভূতভাবে ভোটারদের নাম যাতে তালিকায় না ওঠে, এমন আপত্তি জমা পড়েছে ১৬ লক্ষ ১০ হাজার ৩১১। এই আবেদন করেছে কমিশন, যা তাদের এক্তিয়ারেই নেই।’
এই সওয়াল শুনে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, দু’ধরনের আবেদনকে আলাদা করতে হবে। পৃথকীকরণ ও শ্রেণিবিন্যাসের কাজ এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার কথা বলেছে শীর্ষ আদালত। জানিয়েছে, নাম বাদ পড়া ভোটারদের আবেদনকে অগ্রাধিকার দেবে ট্রাইবুনালগুলি। তারপর নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে জমা পড়া আবেদনের নিষ্পত্তি। শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, যে সমস্ত বিধানসভা এলাকায় পুরভোট হবে, সেখানকার নাম বাদ পড়া ভোটারদের আবেদনকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে কলকাতা পুর এলাকার ডিলিটেড ভোটারদের। নির্বাচন কমিশনকে শীর্ষ আদালতের নির্দেশ, ‘ট্রাইবুনালের সংখ্যা বাড়ান। কলকাতার বিভিন্ন জায়গা চিহ্নিত করুন... যেখানে যাতায়াতের সুবিধা আছে।’