জাকার্তা: চীন থেকে বাংলাদেশ যাচ্ছিল ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তা বাজেয়াপ্ত করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী। পণ্যবাহী জাহাজটিতে উদ্ধার হয়েছে মোট ৩৬টি কন্টেনারে রাখা অন্তত ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং লক্ষাধিক রেজিস্ট্রেশন না হওয়া সিমকার্ড। ওই রাসায়নিক মূলত রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তা দিয়ে অন্তত ১০০টি মিসাইল তৈরি করা সম্ভব। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইনস নামের জাহাজটি চীনের লিয়ানইউনগাং থেকে বাংলাদেশের মংলা বন্দরে যচ্ছিল। গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা দ্বীপের কাছে জাহাজটি আটক করা হয়। গত ২০ নভেম্বর এব্যাপারে বিবৃতি দেয় ইন্দোনেশিয়ার নৌবাহিনী। তারা জানিয়েছে, জাহাজে গতিবিধি নজরে আসার পর সন্দেহ হয়।



