ত্রিপোলি, ২৩ নভেম্বর: লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে দাঁড়িয়ে থাকা রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলার জেরে বিস্ফোরণ ঘটে। গতকাল এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের দাবি, জ্বালানি ও প্রয়োজনীয় সরবরাহ নেওয়ার জন্য বেনগাজি বন্দরে থেমেছিল জাহাজটি। সেইখান থেকেই রাশিয়ায় ফেরার কথা ছিল তার। এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
মার্কিন সংস্থা ভ্যান্টরের উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, শনিবার পর্যন্ত বন্দরে ভাসমান অবস্থায় ছিল রুশ নৌবাহিনীর স্টেরেগুশচি শ্রেণির করভেট মেরকুরি। কিন্তু গতকালের ছবিটা থাকে একটু আলাদা। জাহাজটির অধিকাংশ অংশ ডুবে যেতে দেখা যায়। শুধু সামনের অংশটি জলের উপরে দৃশ্যমান ছিল বলে জানা গিয়েছে। অপরদিকে, বেনগাজি উপকূলে হামলার শিকার হয়েছে আরও একটি বাণিজ্যিক জাহাজ। তাতে কয়েকজন আহত হলেও তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের লিবিয়া মিশন। তাদের বক্তব্য, কোনো বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়া উচিত নয় লিবিয়া। যদিও হামলার পিছনে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত নয়। লিবিয়া বিশেষজ্ঞর অনুমান, এই হামলার পিছনে ইউক্রেনের হাত থাকতে পারে। তবে মস্কোর তরফে এখনও কোনোরকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



