সরকার গঠনে নতুন উদ্যোগ, নেতানিয়াহুর লিকুদ পার্টিকে আলোচনায় আমন্ত্রণ আইজেনকোটের
  • ২২ নভেম্বর, ২০২৬ ১১:১০
Prefer us on Google

জেরুজালেম, ২২ নভেম্বর: ইজরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে নতুন সরকার গঠনের লক্ষ্যে ফের উদ্যোগী হলেন গাদি আইজেনকোট। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠন নিয়ে নিবিড় আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আজ থেকে শুরু হওয়ার কথা এই আলোচনা।

Advertisement

গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো রাজনৈতিক শিবিরই ১২০ আসনের ইজরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। ফলে সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়ার পর সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন সেনাপ্রধান আইজেনকোট। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে জানা গিয়েছে।
আইজেনকোটের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনে সমর্থন জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তবে তিনি স্পষ্ট জানান, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তাঁর দল যোগ দেবে না। অপরদিকে, লিকুদ পার্টি আলোচনার জন্য একাধিক শর্ত রেখেছে। তার মধ্যে রয়েছে ইজরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের বিরোধিতা, লেবানন ও সিরিয়ায় ইজরায়েলের নিরাপত্তা বজায় রাখা।
এর আগে ১৫ নভেম্বর দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো সমাধানসূত্র মেলেনি। এবার নতুন করে আলোচনার মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে সরকার গঠনের পথ খুঁজছেন আইজেনকোট।