ঢাকা: অশান্তি থামার নামই নিচ্ছে না বাংলাদেশে। শুক্রবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল নড়াইলের কালিয়া উপজেলা। বেন্দারচর গ্রামে প্রাক্তন সাংসদ বিএম কবিরুল হক সহ বেশ কয়েকজন আওয়ামি লিগের নেতা-কর্মীর বাড়িতে আগুন জ্বালানো হয়েছে। ৫০ টির বেশি বাড়িতে লুটপাট ও আগুন ধরানো হয়েছে বলে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দার দাবি, গোরু সহ বাড়ির যাবতীয় জিনিসপত্র লুট করেছে দুষ্কৃতীরা। এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে মহিলাদের। শনিবার সকাল থেকেই কার্যত পুরুষশূন্য হয়ে গিয়েছে বেন্দারচর গ্রামটি। ঘটনার সূত্রপাত বুধবার। সেদিন বিকেলে বাইক মিছিলে খুন হন সোহেল রানা ও শাহিনুর ইসলাম নামের দুই বিএনপি নেতা। পালটা শুক্রবার শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে উত্তপ্ত পাবনাও। গত বৃহস্পতিবার থেকে বেড়া পুরসভা এলাকায় আওয়ামি লিগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবারও একের অপরের উপর অস্ত্র নিয়ে হামলা চালায় দুদলই। ঘটনায় অন্তত ৫জন আহত বলে খবর। অশান্তির আগুন থেকে রেহাই পায়নি বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীর বাড়িও। বৃহস্পতিবার সিলেটে মন্ত্রী হুমায়ুন কবিরের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই হামলা প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন শাসকদলকে হুমায়ুনের কটাক্ষ, ‘ককটেল বিস্ফোরণ বা আগুন দেওয়ার পর জয় বাংলা বলে পালিয়ে যাচ্ছে। ওদের কাজকর্ম এখন কার্টুনের মতো হয়ে গিয়েছে।’ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে মন্ত্রী বলেছেন, ‘আওয়ামি লিগ এখন সন্ত্রাসী লিগে পরিণত হয়েছে। হাসিনা দল ও পরিবার দুটোই ধ্বংস করেছেন। তাঁর দলের নেতা-কর্মীরা এখন অন্যদের বিপদে ফেলার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘পেট্রল বোমা মেরে, দেশকে অশান্ত করে হাসিনা ফিরতে পারবেন না। বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে বাংলাদেশে ফিরতে হবে।’



