নয়াদিল্লি: কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে শহরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুই ভারতীয় বংশোদ্ভূতর। গত ১৫ নভেম্বর রাতে একটি ওয়ালমার্টের বাইরে ঘটনাটি ঘটে। নিহতদের নাম গগনপ্রীত রেহাল (২৩) এবং সুখজিৎ কৌর (২৪)। প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হামলা বলে মনে করছে পুলিশ। পুরানো শত্রুতার জেরেই এমন কাণ্ড ঘটানো হতে পারে, দাবি পুলিশের। নিহত দু’জনই ডেল্টা শহরের বাসিন্দা। আগে থেকেই আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অপরাধের জন্য নাম ছিল রেহালের। তবে সুখজিৎ তেমন পরিচিত মুখ নন। সিবিসি নিউজের দাবি, ঘটনার রাতে একটি গাড়িতে আগুন লাগার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুজনকে দেখতে পায় পুলিশ। উদ্ধার করে হাসপাতালেও পাঠানো হয়। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।



