নয়াদিল্লি: সামরিক ক্ষেত্রে ভারতের উন্নতি সহ্য হচ্ছে না চীনের। তাই নয়াদিল্লির এই উত্থানকে আটকাতে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল জি জিনপিংয়ের দেশ। বার্ষিক রিপোর্টে এমনটাই জানিয়েছে মার্কিন কংগ্রেসের একটি কমিশন। পাশাপাশি চীন-পাকিস্তান সামরিক সখ্যতা বৃদ্ধি নিয়েও সতর্ক করেছে মার্কিন কংগ্রেসের ওই আমেরিকা-চীন ইকনমিক অ্যান্ড সিকিওরিটি রিভিউ কমিশন। তারা জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক সখ্যতা বাড়ছে। এর ফলে সীমান্তের দু’প্রান্ত থেকে ভারতের নিরাপত্তা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে। এই পরিস্থিতিতে ভারত-আমেরিকার মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদান, সামুদ্রিক ও উৎপাদন ক্ষেত্রে আরও বেশি পারস্পরিক সহযোগিতা দরকার।
রিপোর্টে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান কৌশলগত উপস্থিতি, সেইসূত্রে ভারতের নিরাপত্তার উপর প্রভাব এবং বৃহত্তর আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যর বিষয় খতিয়ে দেখেছে কমিশন। এই প্রসঙ্গে ২০২৫ সালে পাক মদতপুষ্ট জঙ্গিদের পহেলগাঁও হামলা পরবর্তী ভারত-পাক সামরিক সংঘাতের পর্বও তুলে ধরা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সংকটের সময় সরাসরি যুক্ত না হয়েও চীন কীভাবে পাকিস্তানকে সাহায্য করতে পারে, তা ওই ঘটনা দেখিয়ে দিয়েছে।
কিন্তু, কেন ভারতকে এত গুরুত্ব দিচ্ছে এই মার্কিন কমিশন? রিপোর্টে তাদের ব্যাখ্যা, মার্কিন নেতৃত্বাধীন জোটের বাইরে ভারত এমন একটি শক্তি যারা এশিয়ায় ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে পারে। সেই সঙ্গে চীনা উৎপাদন ও সাপ্লাই চেইনের বিকল্প হিসাবেও ভারতের কথা উল্লেখ করেছে তারা। কমিশনের মতে, বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি সম্পর্কে চীন ওয়াকিবহাল। তাই এই উন্নতি ঠেকানোর জন্য বেজিং সক্রিয়ভাবে কাজ করে চলেছে।



