ওয়াশিংটন: ফের মার্কিন ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প। ঋণে সুদের হার বৃদ্ধি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। উদাহরণ হিসাবে ভারতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। স্পষ্ট জানান, ভারতে সুদের হার কম এবং জিডিপি সাত শতাংশ। ট্রাম্পের দাবি, এই নীতি মেনে চললে আমেরিকার জিডিপি অনেকটাই বাড়তে পারত।
দীর্ঘদিন ধরেই ফেডারেল রিজার্ভের সঙ্গে ট্রাম্পের বিবাদ চলছে। প্রেসিডেন্ট হিসাবে প্রথমবার দায়িত্বভার গ্রহণের পর থেকেই সংঘাতের সূত্রপাত। দ্বিতীয় দফাতেও বদলায়নি পরিস্থিতি। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই দেশের কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থাকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে তোপ দাগেন তিনি। ট্রাম্পেরদাবি, ‘এখানে সুদের হার খুব বেশি। কারণ, আমাদের ফেডারেল রিজার্ভ অত্যন্ত রাজনৈতিক। আমি চেয়ারম্যানকে দোষ দিচ্ছি না। যখনই আমরা ইতিবাচক পরিসংখ্যান ঘোষণা করি তখনই ওরা সুদের হার বাড়িয়ে দেয়। দেশকে ধ্বংস করার জন্য এটা করা হয়। এত ভালো পরিসংখ্যান থাকলে সুদের হার বাড়ানো উচিত নয়। কমানো উচিত। তাহলে দ্রুত ঋণ শোধ করতে পারতাম। আমরা ঠিক উলটো কাজ করি।’ কথা বলতে বলতে ভারতের প্রসঙ্গ টেনে আনেন ট্রাম্প। তাঁর কথায়, ‘ভারতকে দেখুন। ওদের সুদের হার কম আর জিডিপি সাত শতাংশ। আমাদের জিডিপি ৪ শতাংশের জায়গায় ১৪-১৫ বা ২০ শতাংশ হতে পারত। এতো ভালো কাজ করার পরেও সুদের হার বাড়িয়ে দেয় ফেডারেল রিজার্ভ। এটা দুঃখের।’ প্রসঙ্গত, ট্রাম্পের আপত্তি সত্ত্বেও গত সেপ্টেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়। ২০২৩ সালের পর প্রথমবার। ছবি: পিটিআই



