খুলনায় কবিগুরুর ছবিতে ফের কালি, অশান্তি থামাতে বিরোধী দলের সঙ্গে বৈঠকে বসবেন তারেক
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: অশান্তি থামার কোনো লক্ষণ নেই বাংলাদেশে। সপ্তাহভর অশান্তির আগুনে ছারখার গোপালগঞ্জ, ঢাকা সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজিপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর সহ ৮টি জেলায় প্রায় ৯৫ প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। রবিবার ভোরেও খাগড়াগাছিতে এক ছাত্রনেতার বাড়িতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে। এরই মধ্যে খুলনায় রেলস্টেশনের দেওয়ালে নতুন করে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আবারও কালি লাগানো হয়েছে। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় মুখ পুড়েছে বিএনপি সরকারের। এই অবস্থায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, কয়েক দিনের মধ্যে জামাত ইসলামির প্রধান শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলামের সঙ্গে তারেকের বৈঠক হতে পারে। 

Advertisement

রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ালচিত্রে ফের কালি লাগানোর ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ১৬ দিন আগে ৬ নভেম্বর খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেওয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লাগানো হয়েছিল। তড়িঘড়ি নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা হয়। সেই দেওয়ালে পাশাপাশি রয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্লচন্দ্র রায় সহ বিশিষ্ট ব্যক্তিদের ছবি। রবিবার দুপুরে দেখা যায় কেবলমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফের কালি লেপা হয়েছে। এ প্রসঙ্গে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত ওসি লোকমান হোসেন বলেন, ‘সম্ভবত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, 
তা দেখা হচ্ছে।’এরইমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও বাড়ি ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। শনিবার বিএনপি ও আওয়ামি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পাবনার বেরাপুর এলাকায়। সকাল ১১ টা থেকে সংঘর্ষ শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। পরিস্থিতি শান্ত করতে পুলিশকে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে। ছবি: সমাজমাধ্যম