গঙ্গা জলচুক্তির পুনর্নবীকরণ চায় ঢাকা, নতুন চুক্তির দাবি ছাড়ল তারেক সরকার
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা ও নয়াদিল্লি: গঙ্গা জলচুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। তার আগে নতুন চুক্তির দাবিতে সরব হয়েছিল বাংলাদেশ। কিন্তু সদ্যসমাপ্ত ৯১তম ভারত-বাংলাদেশ যৌথ কমিটির বৈঠকে চুক্তি পুনর্নবীকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে খবর। এরপরই সুর নরম করল ঢাকা। মেয়াদ শেষ হওয়ার আগেই নয়াদিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব চুক্তি পুনর্নবীকরণ করতে আনুষ্ঠানিকভাবে আলোচনার উদ্যোগ নেবে বলে আশাবাদী তারেক রহমানের সরকার।

Advertisement

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত ৫৪টি নদীর মধ্যে একমাত্র গঙ্গার জলবণ্টনে দু’দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। তিস্তার জলবণ্টন নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও এখনও কোনো চুক্তি হয়নি। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং শেখ হাসিনার আমলে গঙ্গা জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। ভারত অবশ্য গঙ্গা জলচুক্তি সহ দু’দেশের মধ্যে নদী সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য বরাবর ‘যৌথ নদী কমিশন’-এর পক্ষে সওয়াল করে এসেছে। বাংলাদেশ আবার শুষ্ক মরশুমে পর্যাপ্ত পরিমাণ জলের দাবির নিশ্চয়তা চেয়ে এক নতুন বা সংশোধিত চুক্তির প্রস্তাবের পক্ষে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লিকে একটি বিশেষজ্ঞ দল গঠনেরও আহ্বান জানিয়েছে ঢাকা। এই বিষয়টি বিষয়ে বাংলাদেশের ১০ সদস্যের কারিগরি কমিটির প্রধান ও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ তিতুমীর বলেন, ‘আমরা ইতিমধ্যে এই চুক্তি সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সেরে রেখেছি।’গঙ্গার জলবণ্টন চুক্তির সঙ্গে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও জড়িয়ে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ও বিহারের জলের চাহিদা এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির অবস্থানও এই চুক্তি পুনর্নবীকরণ বা নতুন চুক্তির আলোচনায় প্রভাব ফেলতে পারে।  নবান্ন সূত্রে খবর, ফারাক্কা ব্যারেজ হয়ে ভাগীরথী-হুগলি নদীতে জল প্রবাহিত হয়। ফলে পশ্চিমবঙ্গের শহর ও গ্রামাঞ্চলে পানীয় জল এবং কলকারখানার জল সরবরাহের ক্ষেত্রেও এই চুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই চুক্তি পুনর্নবীকরণের 
ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্বার্থ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেটাই নিশ্চিত করতে চায় রাজ্য সরকার। আর সেই কারণেই বঙ্গে পালাবদলের পর রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়, দুই দেশের মধ্যে চুক্তি পুনর্নবীকরণের শর্ত নির্ধারণের সময় যেন পশ্চিমবঙ্গকে বাইরে না রাখা হয়।