পরমাণু গবেষণাকেন্দ্র পরিদর্শনে কিম, জল্পনা
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিওল: দিনকয়েক আগেই কিম জং উনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সেই প্রস্তাব অবশ্য এড়িয়ে যান উত্তর কোরিয়ার শাসক। তার কয়েক দিনের মধ্যেই এবার পরমাণু অস্ত্র তৈরির গবেষণাগার পরিদর্শন করলেন তিনি। বিশেষজ্ঞদের মতে, পরমাণু শক্তিধর হিসাবে উত্তর কোরিয়াও যাতে গোটা বিশ্বের মনে ভয় ধরিয়ে দিতে পারে, সেই লক্ষ্যেই এগচ্ছেন কিম। সেজন্যই পরমাণু গবেষণাকেন্দ্রে গিয়েছেন তিনি। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। কোরিয়ান সেন্ট্রাল সংবাদ সংস্থার তরফে জানানো হয়, বৃহস্পতিবারই কিম দেশের দু’টি পরমাণু গবেষণাকেন্দ্র ঘুরে দেখেন। তার মধ্যে একটি সবেমাত্র উদ্বোধন করা হয়েছে। অন্যটির পরিধি আরও বাড়ানো হয়েছে। সূত্রের খবর, ওই দুই পরমাণু কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি অস্ত্রে কতটা শক্তিশালী ইউরেনিয়াম ব্যবহার করা হচ্ছে, তাও খতিয়ে দেখেন কিম। সভাসদদের নিয়ে পরমাণু কেন্দ্রের ভিতরে হেঁটে চলেছেন কিম— এরমই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে কিছু ছবি অস্পষ্ট। আসলে কিম গবেষণাগারে কী করছেন, তা যাতে জনসমক্ষে না আসে তাই অস্পষ্ট ছবি পোস্ট করা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। ছবি: কেসিএনএ

Advertisement