‘হয় আমেরিকা ছাড়ুন বা চাকরি’,  এইচ-১বি ভিসাধারীদের স্পষ্ট বার্তা আইবিএমের
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন:  বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের জন্য আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করল টেক জায়েন্ট আইবিএম। আমেরিকায় সংস্থার কনসালটিং বিভাগে কর্মরতদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সংশ্লিষ্ট কর্মীদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে অন্য দেশে যেতে কিংবা চাকরি ছাড়তে বলা হয়েছে। প্রযুক্তি সংস্থার এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কয়েক হাজার কর্মী। আইবিএমের এই ঘোষণার পর উদ্বেগ তৈরি হয়েছে অন্যান্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ভারতীয় সহ ভিনদেশের কর্মীদের মধ্যেও। তাঁরা বলছেন, আমেরিকায় ছড়িয়ে থাকা অন্যান্য সংস্থারাও একইভাবে মার্কিন ভিসা ও গ্রিন কার্ড  পাওয়ার ক্ষেত্রে আর্থিক সাহায্য বন্ধ করে দিতে পারে। স্বাভাবিকভাবে ট্রাম্পের দেশে কর্মরত হাজার হাজার ও কর্মপ্রার্থী ভারতীয়ের চাকরি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হল। তথ্যাভিজ্ঞ মহলের মতে, আমেরিকার দরজা বন্ধ হলে সংশ্লিষ্ট কর্মীদের জন্য পরবর্তী গন্তব্য হতে পারে ভারত। সংবাদ সংস্থা ‘রেস্ট অব ওয়ার্ল্ড’ জানিয়েছে, আইবিএমের কেরিয়ার পোর্টালের তথ্য অনুযায়ী, আমেরিকার বাইরে কনসালটেন্ট বিভাগে ১ হাজার ২৭৮টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে ১ হাজার ১২৫টিই ভারতে। সিঙ্গাপুর ও ব্রিটেনে যথাক্রমে ২৩ ও ১৮টি। 

Advertisement

জানা গিয়েছে, কনসালটিং ডিভিশন হল আইবিএমের সবচেয়ে বড়ো বাণিজ্যিক বিভাগ। গোটা বিশ্বে এতে দেড় লক্ষের বেশি কর্মী কাজ করেন। তবে নয়া সিদ্ধান্তে কতজন ক্ষতিগ্রস্ত হবেন কিংবা আমেরিকায় কতজন কর্মীর এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করা হল, সেব্যাপারে কিছুই জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, আমেরিকায় কাজ করার জন্য এইচ-১বি ভিসা বা গ্রিনকার্ড প্রয়োজন। এরজন্য মোটা অঙ্কের ডলার গুনতে হয়। সাধারণত নিয়োগকারী সংস্থাই এই ব্যয় বহন করে। আইবিএমও কনসালটিং বিভাগের কর্মীদের জন্য তাই করত। কিন্তু, তারা এবার সেই সুবিধা দেওয়া বন্ধ করে দিল। সংস্থা সূত্রে খবর, কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এরমধ্যে তাঁদের সিদ্ধান্ত নিতে হবে। তবে যাই সিদ্ধান্ত নিন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর আমেরিকার অফিসে তাঁদের শেষ দিন হতে চলেছে। সংস্থা সূত্রে খবর, বর্তমান কর্মীরা ব্রিটেন ও সিঙ্গাপুরের শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধায় অনেকটাই পরিবর্তন আসবে।