ঢাকা ও দিল্লির সম্পর্কে‘কাঁটা’ হাসিনাই, দাবি তারেকের মন্ত্রীর
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। এমনই মন্তব্য করলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তাঁর দাবি, হাসিনার উপস্থিতি যে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর চাপ তৈরি করছে, তা এখন দিল্লিও বুঝতে শুরু করেছে। গত বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী। সেখানেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘বাড়িতে ঢুকে পড়া অনাকাঙ্খিত অতিথি’ বলে উল্লেখ করে কবীরের বক্তব্য, ‘ভারত এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। কারণ, তারা এখন হাসিনাকে যেমন ফেরত পাঠাতে পারছে না, তেমনই তাঁর উপস্থিতির বিষয়টিও এড়িয়ে যেতে পারছে না।’

Advertisement

এর আগে বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, হাসিনার বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত ও ঘোষণা সম্পূর্ণভাবেই তাঁর নিজস্ব বিষয়। এর সঙ্গে তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ঢাকা যে কূটনৈতিক বার্তা দিয়েছিল, তার কোনো সম্পর্ক নেই। সেই অনুরোধের আইনি বিষয়টি এখনও খতিয়ে দেখা হচ্ছে। যদিও বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীর দাবি, একমাত্র দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই হাসিনা ফিরতে পারবেন। হয় হাতকড়া পরে অথবা কড়া নজরদারির মধ্যে। তাঁর বক্তব্য, ‘উনি একজন ক্রিমিনাল। অপরাধী ও সাধারণ মানুষের জন্য নিয়ম সবসময় আলাদা। এখানে ফেরার কোনো বিষয় নেই। ওঁকে হস্তান্তর করতে হবে।’
এই পরিস্থিতিতেই পাকিস্তান সফরে গিয়ে ভারতের তীব্র সমালোচনা করলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তাঁর দাবি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ভারত বাঙালিদের সহায়তা করেনি। বরং পাকিস্তানকে দুর্বল করতেই যাবতীয় কাজ করেছিল। হাফিজের আরও অভিযোগ, গত ১৫ বছর ধরে বাংলাদেশকে শোষণ করেছে ভারত এবং একটি উপনিবেশের মতো আচরণ করেছে। বাংলাদেশের স্পিকারের স্পষ্ট হুঁশিয়ারি, ভারত যদি হাসিনাকে প্রত্যর্পণে অস্বীকার করে, তাহলে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে ঢাকা। হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে সরাসরি জেলে পাঠানো হবে। তবে আগামী দশ বছর হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে দাবি তাঁর।