ঢাকা, ২৭ নভেম্বর: আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই দিনই ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পন করে। বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রায় আড়াই বছর পর বাংলাদেশে ফিরতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই ১৬ ডিসেম্বর তাঁর ফেরার দিনক্ষণ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে ১০৮ প্লাটুন সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করেছে তারেক রহমান সরকার। হাসিনার নিজের জেলা গোপালগঞ্জেই শুধুমাত্র ৫৬ প্লাটুন রাখা হয়েছে।
হাসিনার ফেরার ঘোষণার আগেই দেশজুড়ে শুরু হয়েছে ধরপাকড়। এর মধ্যে ধানমন্ডি এলাকা থেকে হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সচিব কে এম শাখাওয়াত সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গাজীপুর ও নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সুপার মহম্মদ আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ রাকিবুল হাসানকে। এদিকে চলতি মাসের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাস ট্রেন ও থানায় আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। এই অশান্তির জন্য আওয়ামী লিগকে দায়ী করছে বাংলাদেশের পুলিশ। তারই পাল্টা হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউন’-এর ডাক দিয়েছে আওয়ামী লিগের সদস্যরা। অন্যদিকে দিল্লি থেকে ঢাকা ফেরার জন্য সরকারি বিমান চাইলেও হাসিনার এই দাবিকে নাকচ করেছে বিএনপি সরকার। সব মিলিয়ে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে ঘিরে চরম উত্তেজনার মধ্যে রয়েছে বাংলাদেশ।



