ইজরায়েলের ক্ষমতার সমীকরণে বড় চমক, আইজেনকোটকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব বেঞ্জামিনের
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১২:৫৮
Prefer us on Google

জেরুজালেম, ২৮ নভেম্বর: ইজরায়েলে নতুন সরকার গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এইবার বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি ক্ষমতা ভাগাভাগির সরকারের অধীনে নিজে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব নিতে রাজি বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল স্থানীয় এক সংবাদ সংস্থার তরফে থেকে এমনটাই  দাবি করা হয়েছে।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, আইজেনকোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির সমঝোতায় রাজি হওয়ার কথা ঘোষণা করতে পারেন নেতানিয়াহু। তবে এই প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর এবং লিকুদ পার্টির অন্দরেই মতবিরোধ রয়েছে। আনুষ্ঠানিক দায় এড়াতে অনানুষ্ঠানিক মাধ্যমেই এই প্রস্তাব পাঠানো হতে পারে বলে আশা করা গিয়েছে। তবে নেতানিয়াহুর প্রস্তাবে এখনও সন্দিহান আইজেনকোট। আগামী সপ্তাহেই নতুন সরকার গঠনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি। জোটসঙ্গী ইয়ায়ির গোলান ও আভিগদর লিবারম্যানের অনুমতি ছাড়া লিকুদের সঙ্গে সরকার গঠন করবেন না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অপরদিকে, নাফতালি বেনেট নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের পক্ষে থাকলেও আইজেনকোটের সরকার গঠনের উদ্যোগে বাধা হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা। আগামী ৬ ডিসেম্বর আইজেনকোটের ২৮ দিনের সরকার গঠনের সময়সীমা শেষ হচ্ছে। তাঁর জোটের হাতে বর্তমানে মাত্র ৩৬টি আসন। বেনেটের দল যোগ দিলেও আসনসংখ্যা দাঁড়াবে ৪৮, যা ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই কম। এদিকে, আরব প্রধান দল রা’আম আইজেনকোট সরকারকে সমর্থনের বিনিময়ে মন্ত্রিত্ব, আরব সম্প্রদায়ের উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ এবং অপরাধ দমনে বিশেষ কর্মসূচির দাবি জানিয়েছে বলে জানা গিয়েছে। ফলে ইজরায়েলের পরবর্তী সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।