নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মাকে নিয়ে ভিডিও তৈরি করেছিল বিহার প্রদেশ কংগ্রেস। সেই নিয়ে এবার পালটা আক্রমণের পথে হাঁটল বিজেপি। এআইয়ের সাহায্যে ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে কংগ্রেস অপমান করেছে বলে শুক্রবার অভিযোগ তুলেছে পদ্মশিবির। এর আগেও বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন প্রধানমন্ত্রীর মাকে অপমানের অভিযোগ ওঠে। যার প্রতিবাদে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপি কর্মী-সমর্থকরা। এবার ফের সেই বিহারেই একই অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হুসেনের অভিযোগ, এই ভিডিও প্রকাশ করে কংগ্রেস দেশের সব মহিলাকে অপমান করেছে। আর নীচে নামার নিদর্শন তৈরি করল তারা। যদিও পালটা ব্যাখ্যা দিয়েছে কংগ্রেসও। দলের নেতা পবন খেরার বক্তব্য, ‘সন্তানদের শিক্ষা দেওয়া বাবা-মায়ের কর্তব্য। উনি (প্রধানমন্ত্রীর মা) শুধু তাঁর ছেলেকে শিক্ষা দিচ্ছিলেন। এবার ছেলে যদি মনে করে, এটা তাঁর জন্য অপমানজনক, তাহলে তা মাথাব্যথার কারণ।’



