নয়াদিল্লি: ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় শক্তি বৃদ্ধির উপর বিশেষভাবে জোর দিচ্ছে বায়ুসেনা।’ রবিবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমশ সামরিক ও কৌশলগত প্রভাব বাড়িয়ে চলেছে চীন। সম্প্রতি বেজিংয়ের তরফে ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরও সামনে এসেছে। এনিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে সওয়াল করেছে ভারত, আমেরিকা সহ অন্যান্য দেশগুলি। এই পরিস্থিতিতে বায়ুসেনা প্রধানের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
এদিন বায়ুসেনা প্রধান বলেন, ‘দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও কৌশলগত অবস্থান রক্ষায় সর্বদা প্রস্তুত বায়ুসেনা। সেকথা মাথায় রেখেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি চালানো হচ্ছে। দূরপাল্লার সামরিক অভিযানের জন্য নির্দিষ্ট কিছু বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। এই অঞ্চলে প্রতিরোধ ব্যবস্থা আরও মজবুত করতে বন্ধু দেশগুলির বায়ুসেনার সঙ্গে যৌথ মহড়া করা হচ্ছে। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। পাশাপাশি এয়ার মোবিলিটি, এয়ার ডোমেন অ্যাওয়ারনেস, নেটওয়ার্ক ভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সহ একাধিক বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। ছবি: পিটিআই



