গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিবাদ, এলোপাথারি গুলিতে মৃত ৩
  • ২৬ অক্টোবর, ২০২৬ ১৪:৩৪
Prefer us on Google

লখনউ,২৬ অক্টোবর: সাতসকালে ভয়াবহ খুন। এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতরা একই পরিবারের সদস্য। মৃত শিব তিওয়ারি আরএসএস-এর একজন প্রাক্তন জেলা সহকর্মী ছিলেন। এর পাশাপশি মৃত্যু হয়েছে শিব তিওয়ারির ভাই শম্ভু এবং ছেলে সুয়শেরও। অভিযুক্তের নাম ঋষভ শুক্লা। তিনি নৌবাহিনীতে কর্মরত। ঘটনাটি ঘটেছে লখনউয়ের সাদাতগঞ্জ এলাকার নওবস্তা এলাকায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, ঋষভের বাড়ির সামনে একটি বট গাছ আছে। সেখানে পুজো করার জন্য একটি মঞ্চ বানাতে চেয়েছিলেন ওই মৃত ব্যক্তি সহ স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতে আপত্তি ছিল অভিযুক্তের। সেই নিয়ে কিছুদিন আগে মতানৈক্য হয় তাদের মধ্যে। তারপর আজকে সকালে ওই বট গাছের সামনে বাইক রাখে শিব। সেই বিষয় নিয়ে অভিযুক্তের সঙ্গে তর্কতর্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৎক্ষণাৎ শিবের বাড়ির লোকজন ছুটে আসে। এমন সময় রাগের মাথায় ঋষভ বন্দুক বের করে এলোপাথারি গুলি চালাতে থাকে। তিনজনের গায়েই গুলি লাগে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে পাকড়াও করে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘এদের মধ্যে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।’ 

তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ থানার পুলিশ। অভিযুক্তের কাছে বন্দুক রাখার লাইসেন্স ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।