ঢাকা, ৪ জানুয়ারি: মুস্তাফিজুর রহমান ইস্যুতে পারদ চড়ছে। ক্রিকেটের মধ্যে ঢুকেছে রাজনীতি ও ধর্মীয় মেরুকরণ। আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুরকে কিনেছিল কেকেআর। কিন্তু বর্তমানে বাংলাদেশে হিন্দুদের খুন, সংখ্যালঘুদের উপর অত্যাচার সহ বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন গেরুয়া ব্রিগেডের নেতা-নেত্রী থেকে ধর্মগুরুদের একাংশ। তার সঙ্গেই মুস্তাফিজুরের কলকাতা নাইট রাইডার্সে খেলা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। যার ফলে গতকাল, শনিবারই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে কেকেআরকে নির্দেশ দেয় বিসিসিআই। তারপরেই নাইট কর্তৃপক্ষ মুস্তাফিজুরকে বাদ দেয়। সেই বিষয়টিকে কেন্দ্র করে এবার ক্ষুব্ধ বাংলাদেশের ইউনুস সরকার। মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়ে দিল বাংলাদেশ।
এই মর্মে ইউনুস সরকারের তরফে একটি নির্দেশিকা সকালেই গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে জানান, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না। তাই সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ বলে মনে করতে পারে না। বাংলাদেশ বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বাংলাদেশের খেলাগুলি শ্রীলঙ্কায় করার অনুরোধ যেন জানায় বোর্ড, এমন নির্দেশও আমি দিয়েছি।’ সূত্রের খবর, মুস্তাফিজুর ইস্যুতে আইসিসির দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে শোনা যায়, টি-২০ বিশ্বকাপে ভারত থেকে ম্যাচ সরানো নিয়ে কোনও প্রস্তাব সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে দেয়নি বাংলাদেশ। পরে বিষয়টি সামনে আসে। আজ, রবিবার দুপুরে বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানইে সিদ্ধান্ত হয়, ভারতে আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে যাবেন না মুস্তাফিজুররা।
কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ অর্থাৎ পাকিস্তানের পর আরও একটি দলের ম্যাচ যেতে পারে শ্রীলঙ্কাতে। যদিও শেষ এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন হয় কিনা সেটাই দেখার। গোটা বিষয়টি নিয়ে গতকাল, শনিবারই মুখ খুলেছেন বাংলাদেশি ক্রিকেটার। তিনি জানিয়েছেন, ‘ছেঁটে ফেললে আর কী করার থাকতে পারে?’। মুস্তাফিজুরকে দলে নেওয়ার জন্য কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানকেও কটাক্ষ করেছে গেরুয়া শিবিরের একাংশ। সূত্রের খবর, ভারত থেকে এই শেষ মুহূর্তে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের থাকা ম্যাচ সরানো যাবে না বলে জানিয়েছে বিসিসিআই।