বইয়ে সাভারকরকে ‘বিকৃত’ করার অভিযোগ, সোনিয়া গান্ধীকে আইনি নোটিস
  • ২৪ নভেম্বর, ২০২৬ ১২:১১
Prefer us on Google

নয়াদিল্লি, ২৪ নভেম্বর: ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। সোনিয়ার স্মৃতিকথা ঘিরে বিতর্ক যেন থামতেই চাইছে না। এবার সরাসরি আইনি নোটিস পেলেন কংগ্রেস নেত্রী। স্মৃতিকথায় বিনায়ক দামোদর সাভারকরকে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে। আর তাতেই সোনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠালেন সাত্যকি সাভারকর।

Advertisement

এর আগে কখনও এই বইয়ের পাতা পোড়াতে দেখা গিয়েছে, তো আবার কখনও বইটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছে। সোনিয়া গান্ধীর স্মৃতিকথা নিয়ে সরব হয়েছে নানান সংগঠন থেকে শুরু করে বিজেপি। ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের অনেকেই সোনিয়ার বিরুদ্ধে ‘মিথ্যাচার’-এর অভিযোগ তুলেছেন আগেই। এবার সাভারকরের জীবন ও আদর্শকে ‘বিকৃত’ করার অভিযোগ তুলে সোনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠানো হল।

সাত্যকি সাভারকরের তরফে বইটির ২০১ এবং ৪৪৩ নম্বর পৃষ্ঠার বক্তব্যে তীব্র আপত্তি জানানো হয়েছে। অভিযোগ করা হয়েছে, ওই অংশগুলি তথ্যগতভাবে ভুল এবং ঐতিহাসিক দিক থেকে বিভ্রান্তিকর। বইয়ের সংশ্লিষ্ট অংশগুলি অবিলম্বে সংশোধনের পাশাপাশি নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেছেন বিনায়ক দামোদর সাভারকরের ছোট ভাই নারায়ণ দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর।

সাত্যকির তরফে কংগ্রেস নেত্রী তথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-র লেখক সোনিয়া গান্ধীকে আইনি নোটিসটি পাঠিয়েছেন আইনজীবী সংগ্রাম কোলহাতকর। এই নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে সমস্ত দাবি পূরণের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবিগুলি পূরণ করা না হলে আইনি পদক্ষেপ করতে পারেন বলেও জানানো হয়েছে সাত্যকি সাভারকরের আইনজীবী সংগ্রাম কোলহাতকরের তরফে।