মৃত্যুও আটকাতে পারল না বন্ধন, মালিকের শেষযাত্রায় সঙ্গী হল এক সারমেয়
  • ২৪ নভেম্বর, ২০২৬ ১১:৫১
Prefer us on Google

ভোপাল, ২৪ নভেম্বর: যে মানুষটি রোজ খাবার দিতেন তাঁর ঋণ শোধ করতে ভুলল না একটি সারমেয়। প্রিয় মানুষটির মৃত্যুতে তাঁর শেষযাত্রায় সামিল হল ওই সারমেয়টি। শুধু শ্মশান যাওয়া নয়, শেষকৃত্য শেষ হওয়া না পর্যন্ত সেখানেই অপেক্ষা করল সে। ওই সারমেয়টির নাম ছিল কালু। এই হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেহোরে। ঘটনাটিকে ঘিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

Advertisement

জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম মোহনলাল রাইকওয়ার। তিনি মধ্যপ্রদেশের সেহোর জেলার বাসিন্দা ছিলেন। প্রতিদিন কালুকে খাবার দিতেন মোহনলাল। তাই তাঁদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু এদিন হঠাৎ করেই মোহনলালের মৃত্যু হয়। তখন তাঁর শেষযাত্রা শুরু হতেই কাউকে অনুসরণ না করেই মোহনলালের পিছনে হাঁটতে থাকে কালু। তারপর শ্মশানে পৌঁছেও চলে যায়নি সে। শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত নীরবে অপেক্ষা করে কালু। এরপর ওখানে প্রয়াত মোহনলালের স্মৃতিতে সবাই নীরবতা পালন করলে, তাঁদের সামনে চুপ করে বসে থাকে সে। পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে কালু কিছুটা পথ গেলেও পরে অন্য দিকে চলে যায়। মানুষের সঙ্গে অবলা প্রাণীর এমন আত্মিক সম্পর্কের ছবি ফের একবার মন ছুঁয়ে গেল বহু মানুষের।