কাউন্সেলিং করতে ডেকেই বিপত্তি! থানার ভিতরেই পকেট থেকে ছুরি বের করে পুলিশকে এলোপাথাড়ি কোপ যুবকের
  • ২৪ নভেম্বর, ২০২৬ ১১:২৫
Prefer us on Google

নয়াদিল্লি, ২৪ নভেম্বর: পারিবারিক বিবাদের জেরে মায়ের ও বোনের অভিযোগের ভিত্তিতে থানায় ডাকা হয়েছিল এক যুবককে। উদ্দেশ্য ছিল কাউন্সেলিং করে সমস্যার সমাধান করা। কিন্তু সেই থানাই মুহূর্তে পরিণত হল রণক্ষেত্রে। পকেটে লুকিয়ে রাখা ছুরি বের করে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়লেন ৩০ বছরের এক যুবক। একের পর এক পুলিশকর্মীকে কোপানোর পর থানা থেকে পালিয়ে আবার ছিনতাই করলেন একটি স্কুটারও। শেষ পর্যন্ত তাঁকে ধরতে গিয়ে ফের আক্রান্ত হতে হল পুলিশকে। আত্মরক্ষায় গুলি চালাল পুলিশ। দিল্লির পুরনো শহরের এই ঘটনায় আহত হয়েছেন মোট ৯ জন পুলিশকর্মী।

Advertisement

সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পুরনো দিল্লির জামা মসজিদ থানায়। পুলিশ সূত্রে খবর, জামা মসজিদ এলাকার কলা মহলের বাসিন্দা অভিযুক্ত নাবিলের বিরুদ্ধে পারিবারিক অশান্তির অভিযোগ জানিয়েছিলেন তাঁর মা ও বোন। তাঁদের অভিযোগ, বেকার নাবিল প্রায়ই টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন এবং তাঁদের বিরক্ত করতেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। প্রথমে থানায় আসতে রাজি হননি নাবিল। পরে দুপুর আড়াইটে নাগাদ থানায় পৌঁছন তিনি। পুলিশের দাবি, তাঁর পকেটে লুকনো ছিল একটি ছোট ছুরি। থানায় ঢুকেই কর্তব্যরত পুলিশকর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, 'আমাকে কে ডেকেছে?' তদন্তকারী সাব-ইনস্পেক্টর নিজের পরিচয় দিয়ে কথা বলতে এগিয়ে যেতেই আচমকা ছুরি বের করে তাঁর উপর হামলা চালায় ওই যুবক। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন আরো এক পুলিশ কর্মী। এর পর একে একে অন্য পুলিশকর্মীদেরও ছুরি দিয়ে আঘাত করতে থাকেন তিনি। থানার ডিউটি অফিসারের ঘরের মধ্যেই চলে এই তাণ্ডব। পরিস্থিতি সামাল দিতে পুলিশকর্মীরা তাঁকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত থানার ভিতর থেকে বেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হন নাবিল। প্রাথমিক হামলায় আহত হন পাঁচ পুলিশকর্মী। 

থানা থেকে পালিয়ে কাছাকাছি গলিতে পৌঁছে এক স্কুটার চালককে ছুরি দেখিয়ে ভয় দেখান নাবিল। অভিযোগ জোর করে তাঁর স্কুটার ছিনিয়ে নিয়ে চিতলি কবর এলাকার দিকে পালিয়ে যান তিনি। এর পর অভিযুক্তের খোঁজে একাধিক পুলিশ দল তৈরি করা হয়। অভিযানে নামে জেলার অ্যান্টি-অটো থেফট স্কোয়াড এবং স্পেশাল স্টাফ। বিকেল সাড়ে চারটে নাগাদ হাভেলি আজম খান সংলগ্ন চিতলি কবর এলাকার একটি সরু গলিতে নাবিলের সন্ধান পায় পুলিশ। তাঁকে গ্রেপ্তার করতে গেলে ফের ছুরি নিয়ে পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। এখানেও ৪ পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। মোট আট রাউন্ড গুলি চালানো হয়। তার মধ্যে ছ'টি গুলি নাবিলের কোমরের নীচে, মূলত পায়ে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে আটক করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।