লখনউ, ২৪ নভেম্বর: তাজমহল ঘুরতে গিয়েছিল পড়ুয়ারা। কিন্তু বাড়ি ফেরার পথে আজ তাঁদের সঙ্গে এরকম ভয়ানক পরিণতি হবে তা ভাবতে পারেনি কেউই। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়েছিল স্কুলবাসটি। হঠাৎই তাদের পিছনে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি ট্রাক। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত চার জন পড়ুয়ার এবং আহত ৩২ জন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কনৌজ জেলার ঠাঠিয়া গ্রামে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, বাসটিতে মোট পঞ্চাশ জন পড়ুয়া ছিল। আজ, মঙ্গলবার সকালে তাজমহল ঘুরে ফেরার সময় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়েছিল বাসটি। সেই সময় হঠাৎই দ্রুত গতিতে আসা একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে স্কুলবাসে। তীব্র সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় স্কুলবাসটি। তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ কর্মীরা দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করেন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে চার জন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ট্রাকটি ধাক্কা মারল সেই বিষয়েও খতিয়ে দেখছে তদন্তকারী দল।



