Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঋণের টাকা না মেটানোয় যুবকের শ্বশুরবাড়িতে লুটপাটের অভিযোগ

সুদে ধার নেওয়া টাকা শোধ করতে না পারায় যুবকের শ্বশুরবাড়িতে তালা ভেঙে সর্বস্ব লুট করে পালাল দুষ্কৃতীরা

ঋণের টাকা না মেটানোয় যুবকের শ্বশুরবাড়িতে লুটপাটের অভিযোগ
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সুদে ধার নেওয়া টাকা শোধ করতে না পারায় যুবকের শ্বশুরবাড়িতে তালা ভেঙে সর্বস্ব লুট করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে বারাসতের নবপল্লির চক্রবর্তী পাড়ার ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন শাশুড়ি শিখা মণ্ডল। বৃদ্ধার অভিযোগ যিনি টাকা ধার দিয়েছেন তাঁর দিকেই। 

Advertisement

উল্লেখ্য, চড়া সুদের আড়ালে কিডনি বিক্রি চক্রের পর্দাফাঁস করেছে অশোকনগর থানা। যা নিয়ে তোলপাড় চলছে জেলাজুড়ে। সেই আবহেও রবিবার রাতে বারাসত শহরে এক সুদের কারবারির দাপাদাপির ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠলেন স্থানীয়রা। জানা গিয়েছে, শিখার মেয়ের বিয়ে হয়েছে দত্তপুকুরে। তাঁর স্বামী চড়া সুদে চার হাজার টাকা ধার নেন এক ব্যক্তির কাছে। কিন্তু শোধ করতে না পারায় শ্বশুরবাড়িতে এদিন সন্ধ্যায় সেই সুদের কারবারি চড়াও হয় বলে অভিযোগ। তখন বাড়িতে ছিলেন না শিখা। পেশায় পরিচারিকা শিখা রাতে বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। ঘরের মধ্যে ঢুকে দেখেন, টিভি, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার উধাও। এরপরই বাড়ির পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজে সুদের কারবারিকে চিনতে পারেন তিনি। তাঁর সঙ্গে আরও দু’জন টোটোয় এসে এই কাণ্ড ঘটিয়েছে বলে জানতে পারেন শিখা। তিনি বলেন, মেয়ে জামাইয়ের সঙ্গে আমার তেমন সম্পর্ক নেই। তারপরেও আমার বাড়িতে ভাঙচুর লুটপাট কেন চালানো হবে? সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ