অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে পড়ার দিন আজ। রেডিয়োয় একের পর এক আগমনি গান এবং ‘মহিষাসুরমর্দ্দিনী’ শুনে শুরু হল মহালয়া। দেবীপক্ষের সূচনায় চতুষ্পর্ণীর বিশেষ ফ্যাশন শ্যুটে অভিনেতা জুুটি সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। অফ হোয়াইট বিষ্ণুপুরি সিল্কের শাড়ি নায়িকার পরনে। তার মধ্যে লাল এবং সবুজ সুতো দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে। নাকে পরেছেন টানা দেওয়া নথ। সাবেকি গয়নায় সেজে পুজোর জন্য তৈরি তিনি। সাহেব পরেছেন অফ হোয়াইট চান্দেরি পাঞ্জাবি। শিল্পীর নিপুণ হাতে করা সূক্ষ্ম সূচিশিল্প এই পাঞ্জাবির বিশেষত্ব। সঙ্গে রয়েছে অফ হোয়াইট ধুতি। পুজোর সাজে ভরপুর বাঙালিয়ানা পছন্দ করেন এই জুটি। শাড়ি বা ধুুতি-পাঞ্জাবি অনুষ্ঠান ছাড়া পরা হয় না। তাই পুজোয় এমন সাবেকি সাজের সুযোগ পেলে তা তাঁরা হাতছাড়া করতে চান না। পুজোয় চারদিন ছুটি পেয়েছেন সাহেব ও সুস্মিতা। প্রিয়জনদের সঙ্গে গল্পে, আড্ডায় কাটবে শারদোৎসব।
স্বরলিপি ভট্টাচার্য



