নয়াদিল্লী, ২৭ নভেম্বর: চাকরি ও ভালো জীবনের স্বপ্ন নিয়ে দিল্লিতে এসেছিলেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার এক ঝাঁক যুবক-যুবতী। আর এখানে এসে বুঝতে পারেন যাদের মাধ্যমে এখানে এসেছেন তাদের উদ্দেশ্য অন্য। ভারতে আসার সঙ্গে সঙ্গে ১৬৪ জন বিদেশীর কাছ থেকে নিয়ে নেওয়া হয় তাদের পাসপোর্ট। কার্যত তাদের বন্দি করে সাইবার জালিয়াতির কাজে ব্যবহার করা হত। এই বিদেশীদের রাখা হতো পেয়িং গেস্ট হিসেবে। অভিযুক্তরা তাদের থাকার জায়গা থেকে কাজের জায়গা পর্যন্ত যাতায়াতের জন্য চল্লিশটি ক্যাবের ব্যবহার করত বলে জেনেছেন তদন্তকারীরা। ২৪ ঘন্টা তাদের উপর নজরদারির ব্যবস্থা ছিল বলে দাবি। পুলিশ সূত্রে খবর, এক সপ্তাহ আগে তাদের কাছে একটি ই-মেল আসে। যার মাধ্যমে এই জালিয়াতির সন্ধান মেলে। এরপর তদন্ত শুরু করে ক্রাইম ব্রাঞ্চ। তারপরে দিল্লীর নয়ডার সেক্টর ১৩৬ এর একটি বাড়ি থেকে ৯২ জন ইন্দোনেশিয় এবং ৭২ জন মালয়েশিয়কে উদ্ধার করা হয়। এই বাড়িটি একটি আন্তর্জাতিক মানব পাচার ও সাইবার জালিয়াতি চক্রের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মালয়েশিয়ার নাগরিক ট্যান গুয়ান ওয়েইকে গ্রেপ্তার করা হয়েছে। দুই মূল অভিযুক্ত সুনীল কুমার এবং সুশীল ভাটি পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িতদের খোঁজে উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে তল্লাশি চালানো হচ্ছে।
নয়ডার যে বাড়িতে পুলিশ হানা দেয় সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে ৩৫৫ টি মোবাইল ফোন ১৬৮ টি ডেস্কটপ কম্পিউটার ২৬ টি ল্যাপটপ ৫৩ টি সিম কার্ড এবং ১৭৪ টি পাসপোর্ট। যে সিমগুলি পাওয়া গেছে তার মধ্যে ৩১ টি আন্তর্জাতিক এবং ২২ টি ভারতীয়।



