বাড়ি উড়িয়ে দেব, হুমকি অমিতাভকে, মুম্বই জুড়ে হামলার ছক, নিশানায় মেট্রো রেল, দিলজিতের কনসার্টও
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: তারিখটা সেই ২৬/১১! অভিশপ্ত সেই দিনেই আবার মুম্বইতে প্রাণঘাতী হামলার হুমকি। নিশানায় সেই বলিউড ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। হুমকি ইমেল এসেছে—বিগ বি’র বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়া হবে। রীতিমতো দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যেই বচ্চন-বাংলোয় হবে ড্রোন হামলা। শুধু তা-ই নয়, আজ শুক্রবার দেশের বাণিজ্য রাজধানীতে পাঞ্জাবি গায়ক-নায়ক দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানস্থল, মুম্বই মেট্রো, বৃহন্মুম্বই পুরসভার মেয়রের অফিস সহ একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। ইমেলে আসা সেই বার্তার শেষে রয়েছে দুই খালিস্তানপন্থী সংগঠন— খালিস্তান ন্যাশনাল আর্মি এবং কানাডার পারমারপন্থী বব্বর খালসার স্লোগান।

Advertisement

২০০৮ সালে ২৬ নভেম্বর মুম্বইতে পাকিস্তানি জঙ্গি আজমল কাসবদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। বৃহস্পতিবার ছিল সেই নৃশংস ঘটনার ১৮তম বর্ষপূর্তি। প্রিয়জন হারানোর স্মৃতি যখন ঩ভিড় করছে আরব সাগর পাড়ে, ঠিক তখনই এসেছে নয়া হুমকি। সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ মুম্বইয়ের মেয়র রিতু তাওড়ে এবং পুরসভার কমিশনার অশ্বিনী ভিড়ের মেল আইডিতে হুমকি মেলগুলি আসে। তাতে পাঞ্জাবি, হিন্দি এবং ইংরেজিতে জানানো হয়— দুপুর ১টা ১১ নাগাদ মেয়রের অফিস এবং ৩টে নাগাদ আদালত বোমায় উড়িয়ে দেওয়া হবে। তবে ওই সময় পেরিয়ে গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্দিষ্ট করে ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অমিতাভের বাসভবন ‘জলসা’য় ড্রোন হামলার কথা বলা হয়েছে ওই হুমকি বার্তায়। মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আজ, শুক্রবার গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট হওয়ার কথা। সেই অনুষ্ঠানও রয়েছে টার্গেটে। ইমেলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে—দোসাঞ্জের তিন ঘণ্টার অনুষ্ঠান বাতিল না হলে ফল ভুগতে হবে মুম্বইবাসীকে। ৩০ দিন ধরে মহানগরের নানা স্থানে চালানো হবে গ্রেনেড হামলা। অন্য একটি মেলে আবার বেশ কয়েকটি মেট্রো স্টেশনে আইইডি বিস্ফোরণের হুমকিও এসেছে। জানানো হয়েছে, নিজেদের বাঁচাতে হলে ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রো ব্যবহার থেকে বিরত থাকুন।
চলতি মাসের ১২ তারিখেও এমনই এক ইমেলে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’, মেয়রের অফিস এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা, মুম্বই বিমানবন্দর ওড়ানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেবার নাম ওঠে স্পেনের মাদ্রিদে বন্দি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ গ্যাংয়ের। যদিও কোনো হামলাই হয়নি। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে আবার একইরকম হুমকি আসায় দুশ্চিন্তা বেড়েছে মহারাষ্ট্র প্রশাসনের। শহরের গুরুত্বপূর্ণ স্থান, মেট্রো স্টেশন ও কনসার্ট স্থলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মুম্বই পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি। এক আধিকারিক বলেন, ‘গত কয়েকদিন ধরে একই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। দিলজিতের অনুষ্ঠানের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই হুমকির প্রবণতা বাড়ছে। হুমকিগুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে প্রশাসন। পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।’ ইমেলটির উৎস খুঁজে বের করতে শুরু হয়েছে তদন্ত।