নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে মতান্তরের মধ্যেই বৃহস্পতিবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দিলেন সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদব। ইস্তাহারে অখিলেশের পাখির চোখ জেন-জি ও মহিলা ভোট। সেই সঙ্গে কৃষক সমাজ। এই লক্ষ্যে পাঁচ বছরে ২৫ লক্ষ সরকারি চাকরি, কর্মহীন স্নাতকদের জন্য পাঁচ হাজার টাকা ভাতা, দ্বাদশ উত্তীর্ণদের ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে। এছাড়া কৃষি ঋণ মকুব, ২৩ ফসল ও দুধের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি, বিপিএল পরিবারগুলি ১০ লক্ষ টাকার চিকিৎসা বিমার সুবিধা ও মহিলাদের বছরে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার কথাও বলা হয়েছে।
অন্যদিকে, সাহারানপুরের দুটি বিধানসভা আসনে সমাজবাদী পার্টি (সপা) প্রার্থী ঘোষণা করে দেওয়ায় এলাকার কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ ক্ষেপে লাল। তা সত্ত্বেও আগামী ১০ নভেম্বর সাহারানপুর থেকেই উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারের দামামা বাজাবেন রাহুল গান্ধী। আবার একইসঙ্গে বিজেপি বিরোধী জোটের শক্তি বাড়াতে মায়াবতীর সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছে কংগ্রেস।
সবমিলিয়ে কংগ্রেসের সঙ্গে সপার টানাপোড়েন বাড়ছে। ৪০৩ আসনের মধ্যে কংগ্রেস চায় কমপক্ষে ১০০ আসন। কিন্তু এত আসন ছাড়তে নারাজ সপা। তবে যেভাবে ক্ষোভ উগরে দিয়ে দলের সাংসদ থেকে ইনচার্জ প্রকাশ্যে মন্তব্য করছেন, তা ভালোভাবে নিচ্ছে না কংগ্রেস হাইকমান্ড। কেন না, রাহুল চান না যে কোনোভাবেই সপার সঙ্গে জোট ভেঙে যাক। তাই দলকে বলেছেন, ৭০/৭২ আসন দিলেই খুশি মনে মেনে নিতে। অখিলেশ যাদব বলেছেন, ‘জয় নিশ্চিত, এমন আসনই কংগ্রেসকে ছাড়া হবে। তবে সেই সংখ্যাটি কত, তা এখনও ঠিক হয়নি। আলোচনা চলছে।’ আর এই আসন রফার আলোচনা পর্বের মধ্যেই মঙ্গলবার রাতে পাঁচটি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে সপা। একইভাবে বৃহস্পতিবার নির্বাচনী ইস্তাহার। লখনউয়ে প্রকাশ হল, ‘জন-মন কা ম্যানিফেস্টো’ শীর্ষক ইস্তাহার। এদিকে, এদিনই ইমরান মাসুদ এক টিভি চ্যানেলে মন্তব্য করেছেন, একা লড়ার ভাবনা ছেড়ে মায়াবতীর জোট গঠনে তৎপর হওয়া উচিত। এমন জোট হলে কংগ্রেসও তাতে শামিল হতে পারে। উল্লেখ্য, ১৯৯৬ সালে অবিভক্ত উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে কংগ্রেস এবং কাঁসিরাম-মায়াবতীর বহুজন সমাজ পার্টির আসন সমঝোতা হয়েছিল। কংগ্রেসকে দেওয়া হয়েছিল ১২৬টি আসন। যদিও এভাবে সপা চটিয়ে ইমরান মাসুদ যেসব মন্তব্য করছেন, তা নিয়ে ঠারেঠোরে সমঝে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সাহারানপুরের সাংসদকে ‘কথা কম কাজ বেশি’তে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।



