নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১০-১৬ ডিসেম্বর দেশের বাইরে থাকবেন নরেন্দ্র মোদি। চারটি দেশে তাঁর সফর করার কথা। চেক প্রজাতন্ত্র, কানাডা, আমেরিকা, বেলজিয়াম হয়ে ভারতে ফিরবেন। তাই প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার আগে হঠাৎ ডাকা হল সংসদের বিশেষ অধিবেশন। আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর—চারদিনের এই অধিবেশনের কথা বৃহস্পতিবার ‘সংবিধান দিবস’-এর সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় আচমকাই ঘোষণা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। জানিয়েছেন, লোকসভার অধিবেশন হবে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর। রাজ্যসভা বসবে ২ এবং ৩ ডিসেম্বর। সংসদের অধিবেশন ডাকতে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণকে অনুরোধ করেছেন রিজিজু। আর তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে মোদি সরকারের ডিলিমিটেশন বিল পাশের মরিয়া চেষ্টা!
২০১১ সালের সেন্সাস ডেটাকে সামনে রেখে মোদি সরকার লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করতে চায়। সেই উদ্দেশ্যেই গত এপ্রিলে সংসদে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ আইন কার্যকর করার আড়ালে আনা হয়েছিল এলাকা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংক্রান্ত সংবিধান সংশোধন বিল। কিন্তু আলোচনা শেষে ১৭ এপ্রিল ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে ২৯৮। বিপক্ষে বিরোধীদের ২৩০। এককাট্টা বিরোধীদের সামনে হার মানতেই হয়। তারপর থেকেই বিষয়টি নিয়ে বিরোধীদের উপর খড়্গহস্ত প্রধানমন্ত্রী থেকে বিজেপির তাবড় নেতানেত্রীরা। সূত্রের খবর, এবার চারদিনের বিশেষ অধিবেশনে সরকারের মূল এজেন্ডাই হতে চলেছে সেই ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধন বিল পাশ করানো। আজ, শুক্রবারই বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানেই বিলটি পেশের ব্যাপারে অনুমোদন দেওয়া হবে। ‘স্পেশাল মেজরিটি’তে বিল পাশ করানোর সংখ্যা আছে কি না, তা যাচাই করতে আগামী ২৯ নভেম্বর এনডিএ’র শরিক এমপিদের দিল্লিতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংবিধান সংশোধন বিল পাশ করাতে লোকসভার মোট আসনের অর্ধেকের বেশি (ন্যূনতম ২৭২) এবং তার সঙ্গে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৬১টি ভোট পেতে হবে সরকারকে। আর রাজ্যসভার ক্ষেত্রে সেই ‘স্পেশাল মেজরিটি’ ১৬২। সরকারের কাছে এই সংখ্যা নেই বলেই বিরোধীদের দাবি। রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিবালের দাবি, এনডিএ’র কাছে ৩২০টি ভোট রয়েছে। সরকার ডিলিমিটেশন বিল এনে প্রতিটি রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর টোপ দেবে বলেই শোনা যাচ্ছে। আসলে বিজেপি ক্ষমতাচ্যুত না হওয়ার ব্যবস্থা পাকা করতে চাইছে। তিনি আরও বলেন, দক্ষিণ ভারত বিজেপি বিরোধী। তাই ডিএমকে-র মতো দলগুলিকে ৫০ শতাংশ আসন বাড়ানোর টোপ দিয়ে আদতে উত্তর ভারতেই নিজেদের জয় নিশ্চিত করতে চাইছে বিজেপি। কারণ, শতাংশের হারে সব রাজ্যে আসন বাড়ানো হলেও আদতে উত্তর-দক্ষিণে সংখ্যার ফারাক বেড়ে যাবে। যেমন, উত্তরপ্রদেশে ৮০ থেকে হবে ১২০টি আসন। তামিলনাড়ুতে ৩৯ থেকে ৫৯। ফলে আদতে এখন এই দুই রাজ্যের মধ্যে যে ৪১টি আসনের ফারাক আছে, তা হয়ে যাবে ৬১। কটাক্ষ করে সিবালের মন্তব্য, ‘এই সরকারের মতলবই হল, আসন বাড়াও, নকশা বদল করো, তারপর বলো জনতাই আমাদের নির্বাচিত করেছে।’ বাদল অধিবেশন ১০৫ দিন ধরে অসমাপ্ত রেখে অপারেশন লোটাস চালিয়ে ‘সংবিধান দিবস’-এ বিশেষ অধিবেশন ঘোষণাকে কটাক্ষ করেছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশও। তাঁর মতে, এটা সংবিধানের অপমান!
এখন বিক্ষুব্ধ তৃণমূল তথা এনসিপিআইয়ের ২০ জন রয়েছে এনডিএ’তে। ফলে সংখ্যার শক্তি বাড়ছে সরকারের। একইভাবে ডিএমকে, শারদপন্থী এনসিপির মতো আরও কয়েকটি দলের সাংসদকে সঙ্গে টানার প্রবল চেষ্টা চলছে। আর সেই শক্তিতেই এবার সংসদে এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধন বিল পাশ করিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মোদি-শাহ। এখন দেখার, সত্যিই তাঁরা সফল হবেন, নাকি এপ্রিলের পুনরাবৃত্তি হবে!



