মুম্বই ও দিল্লি: সৌরভ দাস একা নন। নিশানায় ককরোচদের গোটা শীর্ষ নেতৃত্বই! সরকারের এই মনোভাব সম্পূর্ণ বেআব্রু হয়ে গেল বৃহস্পতিবার। মুম্বই পুলিশ জানিয়েছে, সৌরভ দাসের সঙ্গেই লুকআউট সার্কুলার (এলওসি) জারি হয়েছে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও। তাঁদের অপরাধ? অনুমতি ছাড়াই ২ অক্টোবর দাদরের শিবাজি পার্কে সমাবেশ। এসআইআর ও জ্ঞানেশ কুমার বিরোধী সেই কর্মসূচির জন্য দায়ের হয়েছিল এফআইআর। তার ভিত্তিতেই এই পদক্ষেপ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গান্ধীজয়ন্তীতে প্রতিবাদ কর্মসূচির জন্য ককরোচদের বিরুদ্ধে এলওসি জারির খবর সামনে এল সংবিধান দিবসে। তবে, বিতর্কের সূত্রপাত তিনদিন আগে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ব্রিটেন যাচ্ছিলেন সৌরভ দাস। কিন্তু দিল্লি বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয়। জানা গিয়েছিল, পাসপোর্টে অসংগতির অভিযোগে ওই পদক্ষেপ। তার মধ্যেই লুক আউট সার্কুলার জারির কথা এদিন হাইকোর্টে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকও। শুধু তাই নয়, আদালতে মোদি সরকার বলেছে, পাসপোর্টের অসংগতির প্রভাব পড়তে পারে সৌরভ দাসের নাগরিকত্বেও। সরকারের মনোভাব বুঝে পালটা সুর চড়িয়েছে ককরোচরাও। নাগপুরে ‘গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও’ কর্মসূচির ফাঁকেই এদিন তোপ দেগেছেন অভিজিৎ দিপকে। সিজেপি প্রতিষ্ঠাতার বক্তব্য, ‘সরকার যে কোনো মূল্যে বিরুদ্ধ কণ্ঠকে দুরমুশ করতে চাইছে। তবে সংবিধানের শক্তিতেই তা পরাস্ত হবে।’
দিপকের অভিযোগ যে অমূলক নয়, তার আঁচ মিলেছিল প্রশ্নফাঁস ইস্যুতে যন্তরমন্তরে বিক্ষোভের সময়ই। ককরোচ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে সে যাত্রায় পিছু হটতে হয় মোদি সরকারকে। প্রত্যাহার করতে হয় সব এফআইআর। শীর্ষ আদালতের গুঁতোয় সে যাত্রায় পিছু হটলেও জেন জি আন্দোলন দমনে শাসকদল বিজেপি যে মরিয়া, তা ফের স্পষ্ট হয়ে গেল। উৎসবের বিরতির পর নতুন করে রাজপথে ফিরেছে আন্দোলন। তার মধ্যেই মুম্বই পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কের সমাবেশের জন্য সিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। তার ভিত্তিতেই অভিজিৎ দিপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা সহ একাধিক সিজেপি নেতার বিরুদ্ধে লুক আউট সার্কুলার ইস্যু করা হয়েছে। তাঁদের দেশ ছাড়ার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ।
ব্রিটেন যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়ায় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সৌরভ। আদালতে এদিন কেন্দ্রের আইনজীবী জানিয়েছেন, ২২-২৩ নভেম্বরে মধ্যবর্তী রাতে এলওসি জারি করে মহারাষ্ট্র পুলিশ। তাদের অনুরোধেই সৌরভ দাসকে বিমানবন্দরে আটকানো হয়েছে। এবিষয়ে তাঁকে শোকজ করা হলেও জবাব আসেনি। একইসঙ্গে সামনে আসছে পাসপোর্টে অসংগতির ইস্যুটিও। রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে চেন্নাই থেকে সৌরভের পাসপোর্ট ইস্যু হয়েছিল। এই সিজেপি নেতা দিল্লিতে জন্মগ্রহণ করলেও পাসপোর্টে নাকি তাঁর জন্মস্থান হিসাবে চেন্নাইয়ের উল্লেখ রয়েছে। কেন্দ্রের হয়ে উপস্থিত অতিরিক্ত সলিসিটার জেনারেল চেতন শর্মা আদালতে বলেন, ‘পাসপোর্ট নথিতে সৌরভ দাস তাঁর বাবার নামের জায়গাটি খালি রেখেছিলেন। দাসের জন্মস্থান, ঠিকানা ও অভিভাবকত্ব নিয়ে অসংগতি থাকায় ২০ আগস্ট পুদুচেরির এসএসপি তদন্ত শুরু করেন।’ কিন্তু সাত বছর পর কেন আচমকা এবিষয়ে সরকার সক্রিয় হল? পাশাপাশি মহারাষ্ট্রে যে এলওসি জারি হয়েছে, সেবিষয়ে সৌরভকে কেন জানানোই হয়নি? এই প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী অখিল সিবাল। এলওসি’র প্রতিলিপি চান তিনি। যদিও কেন্দ্রের আইনজীবী জানান, তা দেখানো যাবে না। আগামী ৯ ডিসেম্বর ফের শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্ট। আর পাসপোর্ট ইস্যুতে সৌরভ দাসের অভিযোগ, ব্যক্তিগত নথি সোশাল মিডিয়ায় ফাঁস করেছে বিজেপি। তাঁর তোপ, মোদি-শাহের তূণে নতুন অস্ত্র নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি। এই কৌশলে আর কাজ হবে না। নাম না করে প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করেছেন সিজেপি প্রতিষ্ঠাতা দিপকে। তাঁর ঠেস, ‘আমার মনে হয়, কোনো একজন অনিশ্চয়তায় ভুগছেন। তিনি মনে করেন, বিশ্ব ভ্রমণে যাওয়ার অধিকার একমাত্র তাঁরই রয়েছে। ক্ষমতা আপনাদের কাছে থাকতে পারে, আমাদের কাছে সংবিধান রয়েছে। সংবিধানের দেওয়া অধিকার ও স্বাধীনতা রক্ষা করতে হবে। সংবিধান ধ্বংস হয়ে গেলে থাকবে না ভারতও।’



