কৃষক-কংগ্রেস রুখতে পুলিশি ‘বলয়ে’ দিল্লি, সকাল থেকেই টানা ধরপাকড়
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংবিধানের অন্যতম অংশই হল, দেশের মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। আর বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সেই সংবিধান দিবসেই আন্দোলনকারী কৃষক এবং কংগ্রেসের কেন্দ্র সরকার বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করতে মরিয়া হল পুলিশ-প্রশাসন। সংবিধান দিবসে কৃষক-কংগ্রেসকে ঠেকাতে কার্যত বজ্র আঁটুনির ব্যবস্থা করল দিল্লি পুলিশ। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। নামানো হল আধাসেনাও। এমন বজ্র আঁটুনির অবশ্যম্ভাবী ফল দাঁড়িয়েছে ধরনা এবং পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে। দেশের রাজধানী শহর দিল্লির বিস্তীর্ণ অংশকে এদিন আবারও পুলিশি ঘেরাটোপে নিয়ে যাওয়া হয়েছে। মোদি সরকার বিরোধী আন্দোলন যাতে কোনোমতেই দানা বাঁধতে না পারে, সেই কারণে কৃষক এবং রাজনৈতিক নেতৃত্বকে লাগাতার আটকের পথে হেঁটেছে পুলিশ-প্রশাসন। 

Advertisement

শুধুমাত্র দিল্লিতেই নয়। হরিয়ানা, পাঞ্জাব, পাটনা, লখনউ, কলকাতার মতো একাধিক শহরে এদিন গণতন্ত্র রক্ষার দাবিতে সরব হয়েছে কংগ্রেস এবং আন্দোলনকারী কৃষকরা। বর্ধমানে প্রবীণ কৃষক নেতা অমল হালদারের মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের মদতে বিজেপির গুন্ডারা এই হামলা চালিয়েছে। লখনউয়ে কংগ্রেসের গণতন্ত্র রক্ষা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মল্লিকার্জুন খাড়্গে। তার আগে হয় প্রতিবাদ মিছিল। তাতে শামিল হওয়া দলীয় নেতা-কর্মীদের একাংশকে যোগীরাজ্যের পুলিশ আটক করেছে বলে অভিযোগ কংগ্রেসের। দিল্লিতে সিভিল লাইনসের জানকী রাম আখড়া থেকে সংবিধানের কপি মাথায় নিয়ে মিছিল করে কংগ্রেস। দলের নেতা কে সি বেনুগোপাল, দেবেন্দ্র যাদবের নেতৃত্বে মিছিল হয়। এসআইআর সঠিকভাবে করানোর দাবি এবং তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে এদিন দিল্লির পাশাপাশিই সমস্ত রাজ্যে কর্মসূচিতে অংশ নেয় কংগ্রেস। 
অন্যদিকে, নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতায় তৈরি হওয়া সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির সম্মিলিত মঞ্চ সংযুক্ত কিষান মোর্চা সিদ্ধান্ত নিয়েছিল যে, এদিন দিল্লির মন্দির মার্গে কালীবাড়ির সামনে থেকে যন্তরমন্তর পর্যন্ত মিছিল হবে। ২টোর মধ্যে দূরত্ব সাকুল্যে পাঁচ কিলোমিটার। কিন্তু দিল্লি পুলিশ জানিয়ে দেয়, মিছিলের কোনো অনুমতি নেওয়া হয়নি। এই মুহূর্তে যন্তরমন্তর প্রতিবাদ বিক্ষোভের নির্ধারিত স্থানও নয়। তাই পুরোটাই বেআইনি। যদিও মন্দির মার্গে কালীবাড়ির কাছে সংক্ষিপ্ত সমাবেশ সেরে পূর্বনির্ধারিত সূচি মেনেই মিছিল এগনোর সিদ্ধান্ত নেয় কৃষকরা। পথ আটকায় পুলিশ। গার্ডরেলের ব্যারিকেড আন্দোলনকারীরা ভাঙতে যেতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। সেখানেই সাময়িক ধরনায় বসে পড়েন কৃষকরা। চলতে থাকে স্লোগান। ছাত্র-যুব সহ কৃষক আন্দোলনকারীদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পরে দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপির মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্মারকলিপি পাঠিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। আন্দোলনকারীদের অভিযোগ, দিল্লি-হরিয়ানার সিংঘু এবং তিক্রি সীমানায় যাতে আন্দোলন দানা বাঁধতে না পারে, সেই কারণে বৃহস্পতিবার ভোররাত থেকেই হরিয়ানায় একের পর এক কৃষক নেতাকে আটক করেছে পুলিশ। তা সত্ত্বেও এদিন তিক্রি সীমানার উদ্দেশে মিছিল করেছেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে জড়িয়েছেন বচসায়।