• নার্স। শব্দটি শুনলেই যে পেশার কথা মাথায় আসে, সেখানে মূলত মহিলাদেরই দেখা যায়। আবার বাসচালকের আসনে পুরুষদের দেখেই অভ্যস্ত সকলে। তবে পুরুষ নার্স বা মহিলা বাসচালকের উদাহরণও রয়েছে চারপাশে। যাঁরা প্রতিনিয়ত লিঙ্গভিত্তিক ধারণার বেড়াজাল ভাঙছেন। তেমনই দু’জনের গল্প উঠে আসবে সান বাংলার আসন্ন ধারাবাহিকে। নাম ‘ভালোবাসার রংরুট’। মুখ্য চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ও মিষ্টি সিংহ রায়কে।
গল্পের নায়িকা রূপাই সরকারি বাসের চালক। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া মেয়েটি পরিবারের দায়িত্ব সামলাতে স্টিয়ারিং তুলে নেয় হাতে। কাকার জায়গায় সেই বাস চালানো শুরু করে। জনবহুল কলকাতার রাস্তায় বাস চালিয়ে সে প্রশ্ন তোলে, ‘পুরুষরা যদি বাস চালাতে পারে, মহিলারা কেন পারবেন না?’ অন্যদিকে, রেহান পুরুষ নার্স। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত সে। সেই স্বপ্নপূরণ না করলেও অসুস্থ মানুষের সেবার ইচ্ছায় নার্সিংকেই পেশা হিসেবে নেয়। সমাজ যেখানে নার্সের পোশাকে মহিলাদের দেখে, সেখানে রেহান প্রশ্ন করে, ‘সেবা কি কেবল নারীর কাজ?’ সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে দাঁড়ানো দু’টি মানুষের ভালোবাসার গল্প বলবে সুশান্ত দাস প্রযোজিত এই ধারাবাহিক।
‘শোলক সারি’র পর ফের ছোটপর্দায় দেখা যাবে ইন্দ্রনীলকে। নতুন ধারাবাহিক প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এর আগে বাংলা ধারাবাহিকে এমন স্বাদের গল্প এসেছে বলে মনে হয় না। দু’টো মুখ্য চরিত্রই অন্য ধরনের পেশাকে বেছে নিয়েছে।’ অন্যদিকে মিষ্টির এটি প্রথম ধারাবাহিক। ইতিমধ্যেই ওয়ার্কশপ শুরু করছেন কলাকুশলীরা। শীঘ্রই সান বাংলার পর্দায় ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে।