মুম্বই, ১৬ নভেম্বর: সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা শরদ কাপুর সাহায্যের জন্য আবেদন করছেন। দীর্ঘদিন তাঁকে পর্দায় না দেখা যাওয়ায়, হঠাৎ এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন ফ্যানেরা। জনপ্রিয় অভিনেতার সেই আবেদনের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই অভিনেতা সোনু সুদকে দেখা গেল শরদের সঙ্গে দেখা করতে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, সোনু শরদের সঙ্গে বসে কথা বলছেন। সূত্রের খবর, কেবল সোনু সুদ নয়, সলমন খান ও অমিতাভ বচ্চন শরদকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
সুদর্শন, লম্বা চেহারার অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা দেখে বহু ভক্ত মর্মাহত। খলনায়কের চরিত্র হলেও তা ঘায়েল করত অনুরাগীদের। ‘জোশ’ সিনেমা তাঁকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। তবে অভিনেতা বলেন, ‘আমাকে দয়া করে সাহায্য করুন। আমার যাবতীয় যা আর্থিক সংকট রয়েছে, আমি কাজ করে তা মেটাতে চাই।’ এছাড়াও তিনি বলেন, ‘আমার সত্যিই আর্থিকভাবে এবং মানসিকভাবে সাহায্যের প্রয়োজন। আমি আমার সব সিনিয়র অভিনেতার অনেক বড় ভক্ত। আমি সবসময় তাঁদের নায়ক হিসেবে দেখি।’ এরপরেই অভিনেতা সোনু সুদকে দেখা যায় শরদের পাশে দাঁড়াতে। এক নেটিজেন সমাজমাধ্যমে লেখেন, ‘যখন কারও সাহায্যের প্রয়োজন হয়, তখন পাশে দাঁড়ানোই হল মানবতা। শ্রদ্ধা, সোনু ভাই!’
শরদের বান্ধবী হেমা চৌধুরী জানান, প্রায় ২ বছর ধরে বেশ কিছু সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তিনি। মস্তিষ্কের অসুস্থতার সঙ্গে তাঁর পা ভাঙার কথাও জানান হেমা। সারমেয়দের দেখভাল করতে পারছেন না তিনি। হেমা জানিয়েছেন, শরদের চার পোষ্যকে তুলে নিয়ে গিয়েছে পশুকল্যাণ বিভাগ। আর তাতেই কান্নায় ভেঙে পড়েন অভিনেতা।
শরদ কাপুর ১৯৯৬ সালের ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এবং পরবর্তীতে একাধিক সিনেমাতে কাজ করেছেন। শাহরুখ ও ঐশ্বর্যের সঙ্গে ‘জোশ’ সিনেমায় প্রকাশের চরিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। এরপরে তিনি ‘জয় হো’-এর মতো ছবিতেও কাজ করেছেন। তবে সেই অভিনেতার বর্তমান অবস্থা দেখে মন খারাপ অনুরাগীদের।



