মুম্বই, ১৬ নভেম্বর: বক্স অফিসে স্বপ্নের দৌড় রামায়ণের। মুক্তির মাত্র এগারো দিনেই বিশ্বব্যাপী ১৩০০ কোটি টাকার গণ্ডি পেরলো রামায়ণ পার্ট ১। সমসাময়িক সময়ে বিশ্বব্যাপী আয়ের নিরিখে ধুরন্ধর ২ কেও পিছনে ফেলল নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক এই সিনেমা। শুক্রবার আয় কিছুটা কমলেও সপ্তাহান্তে দুর্দান্ত কামব্যাক করল রামায়ণ।
ট্রেড রিপোর্ট অনুযায়ী, মুক্তির দ্বিতীয় রবিবারে ভারতব্যাপী ৭৫ কোটি টাকার নেট ব্যবসা করেছে রামায়ণ। এর ফলে দেশের বাজারে নেট আয় ৭৬০.৬০ কোটি টাকা এবং ৯০৯ কোটি টাকার গ্রস কালেকশন করেছে। অপরদিকে আর্ন্তজাতিক বাজারেও দর্শকদের থেকে ভালো সাড়া পাচ্ছে এই সিনেমা। বিদেশি বাজার থেকে ৪০ কোটি টাকার গ্রস ব্যবসা করেছে। এর ফলে বিদেশি বাজারে মোট গ্রস কালেকশন ৪৭৫.৫০ কোটি টাকা। বিশ্বব্যাপী গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,৩৮৪.৫০ কোটি টাকার। এর ফলে এগারো দিনে বিশ্বব্যাপী আয়ের নিরিখে ধুরন্ধর ২-কে পিছনে ফেলল রামায়ণ। আর মুক্তির ৮ দিনেই হাজার কোটি টাকার গণ্ডি পেরিয়েছিল রণবীর-ইয়াশের এই সিনেমা। এর ফলে ধুরন্ধর ২ ও পুষ্পা ২ এর পর আয়ের নিরিখে তৃতীয় দ্রুততম সিনেমা হিসেবে এই মাইলফলক ছুঁয়েছিল। এর পাশাপাশি দর্শকদের মধ্যেও বিপুল সাড়া ফেলেছে রামায়ণ। সিনেমাটির দুটো পার্টের বাজেট প্রায় চার হাজার কোটি টাকা। এটি ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল প্রোজেক্ট। এই সিনেমাটির পরবর্তী পার্ট আগামী বছর দীপাবলিতে রিলিজ করবে। আগামী দিনেও এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে নেবে বলে আশা রাখছেন নির্মাতারা।



