ইন্দোর, ১৬ নভেম্বর: কনসার্ট হওয়ার আগে একের পর এক বিতর্কের সৃষ্টি হয়। শো হবে কিনা, সন্দেহ জন্মায়। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ভক্তদের কথা দিয়েছিলেন, কনসার্ট হবে। রবিবার কনসার্ট শুরুর মাত্র কয়েকঘণ্টা আগেই পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়। এরপরে ইন্দোরে পৌঁছে যান দিলজিৎ। সেখানে পৌঁছেই প্রতিবাদ জানালেন জনপ্রিয় গায়ক। তীব্র সমালোচনা করলেন শিল্পী। বললেন, ‘কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়!’ অর্থাৎ, ‘হিন্দুস্তান কারও বাপের সম্পত্তি নয়।’
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এছাড়াও কী কী গান গাওয়া যাবে, নারী ও শিশুকল্যাণ উন্নয়ন দপ্তরের তরফে জারি করা হয় বিধিনিষেধ। জানানো হয়, ৪টি গানে (‘পাটিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘কেস’ ও ‘জাট উঠ ফায়ার কারদা’) থাকা কয়েকটি কথা শিশুদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে হুমকি, বিধিনিষেধ উপেক্ষা করেই স্টেজে উঠলেন দিলজিৎ। বেছে নিলেন প্রতিবাদ জানানোর অন্যতম ভাষাকে। গানকে। কনসার্ট থেকে একের পর এক তোপ দাগলেন। এর আগেও নানান বিষয়ে তাঁকে স্টেজ থেকে সরব হতে দেখা গিয়েছে। সেই একই ধারায় এবারও নিজের মতো করেই প্রতিবাদ জানালেন দিলজিৎ দোসাঞ্জ। তবে এদিন তাঁর এই বক্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে নতুন করে বিতর্ক।
গতকাল, ১৫ নভেম্বর যখন দিলজিৎ মঞ্চ থেকে আওড়ালেন প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরি-র বিখ্যাত পঙ্ক্তি, ‘আমার মুখে তোমাদের ভাষা নেই। কেউ যদি বিরোধীতা করতে চায়, তাঁদের করতে দিন। এসবই ধোঁয়া, কোনো আকাশ নয়। আমি জানি, শত্রুর সংখ্যাও কম নয়। কিন্তু আমদের মতো প্রাণ হাতে করে সবাই ঘোরে না। এই দেশের মাটিতে সবার রক্ত মিশে রয়েছে, হিন্দুস্তান কারও বাপের সম্পত্তি নয়।’ ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অনুষ্ঠানটি বাতিলের সম্ভাবনা ছিল। তবে দিলজিৎ ভক্তদের কথা দিয়েছিলেন, তাই কথা রেখেই ইন্দোরে পৌঁছে যান তিনি। সেখান থেকেই প্রতিবাদ জানান দিলজিৎ দোসাঞ্জ।



