অমিতাভের বাংলো ‘জলসা’ কার? মালিকানা দাবি করে প্রশাসনের দ্বারস্থ ভ্রাতৃবধূ
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বি/২, ভি এল মেহতা রোড, জুহু। মুম্বইয়ের এই ঠিকানা বললে হয়ত অনেকেই চিনবেন না। কিন্তু ওই ঠিকানায় অবস্থিত বাড়িটি ভারতের আপামর সিনেমাপ্রেমীর কাছে অতি পরিচিত। জলসা বাংলো। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বাসস্থান। থাকেন তাঁর পরিবারের অন্য সদস্যরাও। প্রতি রবিবার ওই বাংলোর গেটের সামনেই ভক্তদের ‘দর্শন’ দেন বিগ বি। কিন্তু জুহু সৈকতের কাছে অবস্থিত বিলাসবহুল এই বাংলোর মালিকানা কার? তা নিয়েই এবার বচ্চন পরিবারের অন্দরে বিবাদ শুরু হয়েছে। ১৯৯৩ সালে দানপত্র করে ‘জলসা’র মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়। কিন্তু ওই দানপত্রকে চ্যালেঞ্জ করেছেন অমিতাভের ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমলা। অমিতভাভের ভ্রাতৃবধূর অভিযোগ, তাঁকে না জানিয়ে এবং অনুমতি না নিয়েই জয়ার নামে ওই দানপত্র করা হয়েছিল। এই নিয়ে আন্ধেরির ডেপুটি রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটিজে অভিযোগ দায়ের করেছেন তিনি। বিষয়টি নিয়ে শুনানির আয়োজনও করা হয়েছে।

Advertisement

রমলার অভিযোগ, জলসা বাংলো প্রথমে তাঁর নামেই ছিল। কিন্তু দানপত্র করে বাংলোটি জয়াকে দিয়ে দেওয়া হয়। গত সাতমাসে তিনি বেশ কয়েকবার রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর ‘কপোল হাউজিং সোসাইটি’র যে রেকর্ড রয়েছে, তাতে বাংলোর মালিক হিসাবে জয়া বচ্চনের নাম থাকলেও মহারাষ্ট্র সরকারের প্রপার্টি কার্ডে রমলার নাম রয়েছে। সম্প্রতি সরকারি রেকর্ডে রমলার নাম বাদ দিয়ে জয়ার নাম যুক্ত করতে গিয়েই বচ্চন পরিবারের পুরানো বিবাদ ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে। ১৯৯৩ সালে কীভাবে ওই দানপত্র তৈরি হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রমলা। তাঁর অভিযোগ, কোনো স্ট্যাম্প ডিউটি না দিয়েই সাদা কাগজে ওই দলিল তৈরি হয়। তাতে কোনো সাক্ষীর সইও ছিল না। পরবর্তী সময়ে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের অধীনে ওই দলিল কীভাবে নথিভুক্ত হল এবং বৈধ হিসাবে গণ্য করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অজিতাভের স্ত্রী। ডেপুটি রেজিস্ট্রার ফৈয়াজ মুলানি জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন এবং শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। সব পক্ষকেই এই বিষয়ে বক্তব্য জমা দিতে বলা হয়েছে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়ে অমিতাভ বা জয়া কেউই কোনো মন্তব্য করেননি। বিগ-বি’র পুত্র অভিষেক বচ্চনের মুখপাত্রও বেশি মুখ খুলতে চাননি। বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিবাদ বলে উল্লেখ করেছেন তিনি।  অমিতাভ বচনের বাড়ি জলসা। -ফাইল চিত্র