ঢাকা, ১৭ নভেম্বর: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাক দলকে ইতিমধ্যেই হারিয়েছে টিম ইন্ডিয়া। ২২ গজের পর এবার ফুটবলেও জয়ের স্বাদ পেল ব্লু টাইগার্সরা। পাকিস্তানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে স্যাফ কাপ চাম্পিয়ন হল ভারত। এই নিয়ে দশমবার। পাশাপাশি জয়ের হ্যাটট্রিকও করল টিম ইন্ডিয়া। আজ, মঙ্গলবার ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে স্যাফ কাপের ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। এদিন প্রথম হাফের একদম শেষের দিকে ১-০ গোলের ব্যবধানে পাকিস্তান এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয় হাফে দুর্দান্ত লড়াই করে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হয়ে গোল করেন সুহেল ভাট এবং সন্দীপ মান্ডি। তারই সুবাদে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। হয় চ্যাম্পিয়নও। প্রসঙ্গত, গ্রুপ পর্বে সুহেল ভাটরা ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিলেন। তবে ফাইনালের আগে সেরকম কোনো চাপ না নিয়েই খেলতে নেমেছিল প্লেয়াররা। জানিয়েছেন ভারতের কোচ নৌশাদ মুসা।



