ঢাকা: বসুন্ধরা কিংসের পরিকাঠামো পদ্মাপারের অন্যতম সেরা। স্যাফ ফাইনালের আগের দিন এখানেই যুদ্ধং দেহি মেজাজে বিষ্ণু-সুহেল ভাটরা। সকাল ন’টায় ভারতের প্র্যাকটিস স্লট। অনুশীলন শেষ না হতেই মাঠে হাজির পাকিস্তান। সৌজন্য বিনিময়, করমর্দনের প্রশ্নই নেই। বরং সুহেল, বিষ্ণুদের চোখে আগুন। কয়েকদিন আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে পাক বধ সেরে ফেলেছেন মোহিত, আর্যবীররা। এবার ফুটবল মাঠে মুসা ব্রিগেডের পালা। চিরপ্রতিদ্বন্দ্বীকে বশ মানিয়ে খেতাব জিততে মরিয়া ব্লু টাইগার্স। স্যাফে সবমিলিয়ে ন’বারের চ্যাম্পিয়ন ভারত। তবে এবারের ফাইনাল সত্যিই স্পেশ্যাল। প্রথমবার খেতাবি লড়াইয়ে মুখোমুখি দুই দেশ। তার উপর স্যাফে হ্যাটট্রিকের সুযোগ ভারতের সামনে। যুদ্ধের আগে শিঙা ফুঁকে কোচ নৌশাদ মুসা বলছেন, ‘ছেলেরা মাঠে নামতে তৈরি।’ পরিসংখ্যানেও অনেক এগিয়ে ভারত। ৩০ বারের মুখোমুখি সাক্ষাতে ভারতের জয়ের সংখ্যা ১৭। হার মাত্র ৪ ম্যাচে। সর্বাধিক ৫-২ ব্যবধানে জয় ১৯৯৯য়ের স্যাফ ফাইনালে। সেদিনের হ্যাটট্রিক হিরো আইএম বিজয়ন মুঠোফোনে বললেন, ‘ছেলেদের খেলা দেখেছি। মিলিয়ে নেবেন, মঙ্গলবারও আমরাই জিতব।’
গ্রুপ লিগে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। জোড়া লক্ষ্যভেদের নায়ক সুহেল ভাট জাল কাঁপাতে তৈরি। পাশাপাশি ব্রাইসন, বিষ্ণু, ইরফানের মতো গতিশীল উইং-হাফ মুসার টেক্কা, বিবি, গোলাম। তবে রক্ষণ নিয়ে কিছুটা চিন্তা থাকছেই। সেমি-ফাইনালে ভুটানের বিরুদ্ধে চোট পেয়েছিলেন নিখিল প্রভু। তাঁকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কিছুটা চিন্তিত। মাঝমাঠে ব্লকিয়ের দায়িত্বে অভিষেক সূর্যবংশী। মুসা বলেছেন, ‘ফুটবলারদের উপর ভরসা আছে। ঠান্ডা মাথায় ম্যাচে ফোকাস করতে হবে। পরিস্থিতি অনুযায়ী নিজেদের মেলে ধরাই আসল।’ পাশাপাশি পাকিস্তানও আগের চেয়ে অনেক তৈরি। শেষ চারে ফেভারিট বাংলাদশেকে টেক্কা দিয়েছে তারা। ঘরের মাঠে খেতাব জিততে মুখিয়ে ছিলেন হামজা চৌধুরিরা। হারের পর গ্যালারিতে অগ্নিসংযোগ ঘটান ক্ষুব্ধ সমর্থকরা। আসলে পিআইও কোটায় ৩ ফুটবলারের অন্তর্ভুক্তির পর পাকিস্তান দল অনেক গোছানো। আবদুল্লা ইকবাল, আদিল নবিরা ফাইনালেও চমক দেখাতে চান। দলের কোচ পেরুর নোলবার্তো সোলানো। একসময় বোকা জুনিয়র্সে ডিয়েগো মারাদোনার সতীর্থ ছিলেন। টাফ ফুটবলে ভারতকে গুটিয়ে দিতে চান তিনি। দলের ফিটনেসও বেশ ভালো। মুসা ব্রিগেডের জন্য তাই কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
ভারতীয় সময় ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।



