চেন্নাই, ১৭ নভেম্বর: ক্রিকেটার হিসেবে দীর্ঘ ১৮ বছরের আইপিএল অধ্যায়ের ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। এইবার থেকে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে নতুন ভূমিকায় দেখা যাবে মাহিকে। আজ, মঙ্গলবার আইপিএল ২০২৭-এর রিটেনশন ঘোষণার ঠিক আগে আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই সিএসক দলের মূল স্তম্ভ ছিলেন এমএস ধোনি। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। পাশাপাশি একাধিকবার ফাইনালে পৌঁছেছে সুপার কিংস। ধোনির অবসরের খবর নিশ্চিত করে সিএসকের ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথন জানিয়েছেন, মাঠে হলুদ জার্সিতে ধোনিকে আর দেখা যাবে না ঠিকই, তবে দলের ক্রিকেটারদের পথ দেখাতে তিনি থাকবেন।
সিএসকের মালিক এন শ্রীনিবাসন ধোনির সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে জানান, ২০০৮ সালে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্ত তাঁর জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। শুধু মাঠের সাফল্য নয়, মানুষ হিসেবেও ধোনির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। এমএস চিরকাল সিএসকের পরিচয়ের অংশ হয়ে থাকবেন বলেও জানান তিনি।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসেবে বিদায় নিচ্ছেন ধোনি। ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক পাঁচটি আইপিএল ট্রফি জিতেছেন তিনি। ২৩৫ ম্যাচে অধিনায়ক ধোনির জয়ের সংখ্যা ১৩৬। ব্যাটার হিসেবে ২৭৮ ম্যাচে তাঁর সংগ্রহ ৫৪৩৯ রান। ২০২৫ সালের আইপিএলে শেষবার ক্রিকেটার হিসেবে খেলেছিলেন ধোনি। আগের বছর চোটের কারণে পুরো মরশুমেই মাঠের বাইরে ছিলেন ক্যাপ্টেন কুল। এইবার পাকাপাকিভাবে ক্রিকেটার হিসেবে বিদায় নিয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।



