বারাসতে ঠাকুর দেখায় বিঘ্ন, ভিলেন আবহাওয়া
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: কারও হাতে জুতো, কেউ আবার জলের বোতল থেকে জল নিয়ে চোখেমুখে ঝাপটা দিলেন। রাতভর হাঁটার ক্লান্তিতে রাস্তার ধারের প্রতীক্ষালয়ে বসে একটু জিরিয়ে নিলেন কেউ। কারও পা চলেছে খুঁড়িয়ে। মঙ্গলবার ভোরে টাকি রোডের ছবি ছিল এমন। 

Advertisement

রাতভর ঠাকুর দেখার পর শরীর সায় দেয়নি। তবু মন ভরেনি অনেকের। ভোর চারটেয় প্যান্ডেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেরই কিছু ঠাকুর দেখা বাকি থেকে গিয়েছে। মণ্ডপের আলো নিভতেই থেমে যায় প্যান্ডেল পরিক্রমা। অসম্পূর্ণ ঠাকুর দেখার আক্ষেপ নিয়ে বাড়ি ফিরতে হয় অনেককে। শেষবেলায় আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়। বুধবার রাত ১২টার পর প্যান্ডেল বন্ধ হয়ে যাওয়ার সময়সীমা। অন্যদিকে মঙ্গলবার বিকাল থেকে আকাশের মুখ ভার। বৃষ্টির পূর্বাভাস ছিল। দুপুর ও বিকালে দু’দফায় বৃষ্টি হয় বারাসত ও মধ্যমগ্রামে। ফলে একদিকে মণ্ডপ ঘুরে দেখা শেষ করার তাড়া, অন্যদিকে বৃষ্টির চোখরাঙানি, এই  দু’য়ের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে শেষবেলার ঠাকুর দেখা। কালীপুজোর তৃতীয় দিনেও অবশ্য দর্শনার্থীদের উৎসাহে খামতি দেখা যায়নি। গত দু’দিন ঘুরেও যাঁদের কয়েকটি মণ্ডপ দেখা বাকি ছিল, তাঁদের অনেকেই মঙ্গলবার দুপুরেই পথে নেমেছিলেন। বারাসতের সুবিশাল মণ্ডপ, নজরকাড়া আলোকসজ্জা, সুদৃশ্য প্রতিমা, কোনো কিছুই বৃষ্টির ভয়ে হাতছাড়া করতে চাননি তারা। আবহাওয়ার পূর্বাভাস জানা থাকায় অনেকের হাতেই ছিল ছাতা। যাঁদের ছাতা ছিল না, তাঁরা কেউ রুমাল দিয়ে মাথা ঢেকে, কেউ আবার বৃষ্টির ফোঁটা এড়াতে রাস্তার ধারের দোকানের শেডের নীচে। বারাসত স্টেশনে নেমে পাইওনিয়ার, রেজিমেন্ট, নবপল্লি ব্যায়াম সমিতি এবং নবপল্লি অ্যাসোসিয়েশনের মণ্ডপ ঘুরে দেখেন দর্শনার্থীরা। দুপুর ও বিকেলের দু’দফা বৃষ্টিতে কিছুক্ষণের জন্য যাতায়াত ব্যাহত হলেও সন্ধ্যার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বৃষ্টি কমতেই ফের রাস্তায় নামেন দর্শনার্থীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় সড়ক ও টাকি রোডে বাড়তে থাকে মানুষের ভিড়। দুই শহরের মণ্ডপগুলিতে ফিরে আসে চেনা ব্যস্ততা। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে এদিন দুপুরের পর থেকেই জাতীয় সড়ক ও টাকি রোডে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। সোমবার বিপুল জনসমাগম সামলাতে পুলিশকে যথেষ্ট হিমশিম খেতে হয়েছিল। মঙ্গলবার তুলনায় ভিড় কম থাকায় পরিস্থিতি ছিল অনেকটা নিয়ন্ত্রণে। ফলে সোমবারের মতো বাড়তি চাপের মুখে পড়তে হয়নি পুলিশকর্মীদের। অন্যদিকে বুধবার রাত ১২টা পর্যন্ত ঠাকুর দেখার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে পুলিশ। ফলে বাকি থাকা মণ্ডপ ঘুরে দেখার তাগিদে বারাসত ও মধ্যমগ্রামের রাস্তায় ছিল পুজোপ্রেমীদের ভিড়।