যাদবপুরে তোলাবাজির অভিযোগ, ধৃত কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর এলাকার স্থানীয় দোকানদার, ইমারতি সামগ্রীর ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের এক প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম তারক দাস। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে থানা। তাঁর বিরুদ্ধে তোলাবাজির মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তারকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন নয়। কলকাতা পুলিশে কর্মরত অবস্থায় পাটুলি, পঞ্চসায়র এলাকায় তাঁর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছিল। তোলা না দিলে মারধর করা হত বলেও অভিযোগ। এরকম একাধিক অভিযোগ জমা পড়ে তাঁর বিরুদ্ধে। বরখাস্ত করা হয় ওই পুলিশকর্মীকে। ফের তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে যাদবপুর এলাকায়। ছোটো দোকানদার, ইমারতি সামগ্রীর ব্যবসায়ী, অটোস্ট্যান্ড থেকে পুলিশ পরিচয় দিয়ে টাকা তুলছিলেন বলে নতুন করে অভিযোগ ওঠে। এক ব্যবসায়ীর অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে আট হাজার টাকা তোলা চান অভিযুক্ত। দাবিমতো টাকা না দিলে ব্যবসা বন্ধ করার হুমকি দেওয়া হয়। এরপরই তিনি যাদবপুর থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement