রবীন্দ্র সরোবরে ছট নয়: অগ্নিমিত্রা, বাজি ফাটানো নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকায় প্রশংসা
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন করা যাবে না। নিজের আগের অবস্থান থেকে সরে এসে মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ রয়েছে। ওখানে জলে প্রচুর মাছ, কচ্ছপ ইত্যাদি আছে। তাই ছট পুজো করলে সেখানে সমস্যা হয়। ছট পুজোয় সেভাবে দূষণ না হলেও কালিপটকা ফাটানো হয়। তাতে সরোবরের ভেতরের পাখিদের সমস্যা হতে পারে। তাই ছট পুজোর জন্য আমরা একাধিক কৃত্রিম জলাধারের ব্যবস্থা করেছি। তাছাড়া, কলকাতা পুরসভা এবং কেএমডি এর তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় একাধিক পুকুরেও ছট পুজোর আয়োজনে পরিকাঠামোত ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রবীন্দ্র সরোবর নিয়ে এদিন একাধিক পরিকল্পনার কথাও জানিয়েছেন অগ্নিমিত্রা। সরোবরের ভেতরে যে দ্বীপ রয়েছে, সেটি জলের তলায় চলে যাচ্ছে বলে জানান মন্ত্রী। অগ্নিমিত্রা বলেন, ওই দ্বীপটিকে রক্ষা করার ব্যবস্থা করা হবে। ওখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। সেখানে ফলের গাছ লাগানো হবে। এছাড়াও সরোবরের ভিতরে বাটারফ্লাই গার্ডেন, শীতকালে মাছ মরে যাওয়া আটকাতে জলে যাতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায়, সেইসব নিয়েও বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলে জানান অগ্নিমিত্রা। তবে, বাজি ফাটানো নিয়ন্ত্রণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগকে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, পুলিশ আমার সঙ্গে সারারাত কলকাতার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছে। আমরা মানুষজনকে আটকেছি। সচেতন করেছি। কিন্তু শুধুমাত্র সরকারের পক্ষে এটা করা সম্ভব নয়। সব বাড়ি বা আবাসনের বাইরে পুলিশ দেওয়া যায় না। মানুষকেও সচেতন হতে হবে। যাতে পরিবেশ দূষণ আটকানো যায়। যার পরিপ্রেক্ষিতে অগ্নিমিত্রা জানিয়েছেন, তিনি শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছেন। তাঁর আবেদন বা পরামর্শ, যাতে প্রতিটি স্কুলে যেদিন যে পড়ুয়ার জন্মদিন হবে, সেই ছাত্র বা ছাত্রী যেন স্কুলের ভেতরে বা আশপাশে কোথাও দুটি করে গাছ লাগায়। এবং সেই গাছটিকে নিজের অভিভাবক বা সন্তানের মতই রক্ষণাবেক্ষণ করে।

Advertisement