‘আমরা এনসিপিআই-তেই আছি’, অবশেষে লোকসভার স্পিকারকে চিঠি ২০ জন এমপির, ৩০টি পঞ্চায়েত দখল, মমতাকে কটাক্ষ কাকলির
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁচবার নোটিসের পর অবশেষে নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদারসহ ২০ জন সাংসদ। মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে তাঁরা জানিয়েছেন, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) দলেই রয়েছেন তাঁরা। চিঠিতে তাঁদের দাবি, কোনো দলবিরোধী কাজ করেননি তাঁরা।

Advertisement

বিধানসভা নির্বাচনে পরাজয়ের কয়েকদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল কংগ্রেস তিন ভাগে বিভক্ত হয়ে যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, জুন মালিয়াসহ ২০ জন সাংসদ এনসিপিআই নামক দলে যোগদান করেন। পরবর্তীতে এই দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে শামিল হয়। এই ২০জনের বিরুদ্ধে গত জুন মাসে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানান মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, এঁদের বিরুদ্ধে কেন দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না? বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেন মমতাপন্থীরা। সেই মামলা বিচারাধীন রয়েছে। 
এই অবস্থায় লোকসভার স্পিকার ওই ২০জনের কাছে তাঁদের দলীয় অবস্থান জানতে চান। কিন্তু পরপর পাঁচবার চিঠি দিয়ে আরও সময় চান সাংসদরা। রাজনৈতিক অবস্থান জানাতে এত সময় কেন লাগল? তাঁদের যুক্তি, মাঝখানে উৎসব-পার্বণ ছিল। প্রাকৃতিক দুর্যোগও হয়েছে। তাই কাগজপত্র তৈরি করতে সময় লেগেছে। বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, ‘আমরা এনসিপিআইতে আছি। ২০জন একটি চিঠিতে সই করে জমা দিয়েছিলাম। তারপর আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। সব অভিযোগ আমরা খণ্ডন করেছি। সংবিধান মেনে কাগজপত্র তৈরি রেখেছি।’ বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, ‘আমরা তো সংখ্যাগরিষ্ঠ। আগে তৃণমূলের ২৮জন সাংসদ ছিলেন। তারমধ্যে আমরা ২০জন আলাদা টিম তৈরি করেছি। ফলে দলত্যাগ বিরোধী আইন আমাদের ক্ষেত্রে বলবৎ হবে না।’ 
দলবদল প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে খোঁচাও দিয়েছেন কাকলিদেবী। তাঁর বক্তব্য, ‘উনি (মমতা) তো ইউপিএতে একবার মন্ত্রী হলেন। তারপর এনডিএতে যোগ দিয়ে মন্ত্রী হলেন। আবার এনডিএ ছেড়ে বেরিয়ে এসে ইউপিএতে যোগ দিলেন। আমরা আমাদের লিডারকে দেখেই শিখেছি, কীভাবে দলত্যাগ করতে হয়।’ পালটা মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দলবদল করেননি। জোটবদল করেছিলেন। ওঁদের সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁরা বিশ্বাসঘাতক। সাহস থাকলে ইস্তফা দিয়ে ভোটে জিতে দিল্লি যাক।’ সাংসদ সৌগত রায় বলেন, ‘উত্তর দিতে এত সময় লেগে গেল! এখন স্পিকার যা করার করবেন।’ 
এদিকে, উত্তরবঙ্গের চোপড়া থেকে দক্ষিণবঙ্গের বসিরহাট—পঞ্চায়েতস্তরে তৃণমূল ভেঙে এনসিপিআইতে যোগদান চলছেই। দলের মুখপাত্র অনুরাগ সিং বলেন, ‘৩০টি পঞ্চায়েত এবং ৬টি পঞ্চায়েত সমিতি আমাদের হাতে এসেছে। তিন হাজার পঞ্চায়েতে যোগাযোগে আছে। জেলা পরিষদেও বড়ো চমক অপেক্ষা করছে।’