যাদবপুরে রিকশ ও পথচারীদের ধাক্কা এসইউভির, গুরুতর জখম ২
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার রাতে কসবা। আর মঙ্গলবার রাতে যাদবপুর ৮বি চত্বর। রাতের কলকাতায় পরপর দু’দিন বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ৮বি মোড়ের কাছে একের পর এক পথচারী, রিকশয় ধাক্কা মারল বেপরোয়া একটি এসইউভি। ওই গাড়ির চালক সহ বাকি যাত্রীরা মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন দু’জন। তাঁদের মধ্যে একজন মহিলা। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কেপিসি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাস্থলে যায় যাদবপুর থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। কালো এসইউভিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে গাড়ির চালককে। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সুকান্ত সেতুর দিক থেকে যাদবপুর থানার দিকে বেপরোয়ো গতিতে যাচ্ছিল গাড়িটি। চালক যে নিয়ন্ত্রণ হারিয়েছেন তা বেশ খানিকটা দূর থেকেই বোঝা যাচ্ছিল। গাড়িটি এঁকেবেঁকে এসে ৮বি মোড়ের কাছেই একটি রিকশতে গাড়িটি ধাক্কা মারে। ছিটকে পড়েন রিকশর চালক। রিকশয় এক মহিলা যাত্রীও ছিলেন। তিনিও ছিটকে রাস্তার ধারে পড়ে যান।  তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। জনবহুল এলাকা হওয়ায় আশপাশে আরো পথচারীরা ছিলেন। তাঁদের কয়েকজনকেও ধাক্কা মারে ওই বেসামাল হওয়া গাড়ি। স্থানীয়দের অভিযোগ, গাড়ির ভিতর উচ্চস্বরে গান বাজছিল। চলন্ত গাড়ির ভিতরেই মদ্যপান চলছিল বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। গাড়িতে চালক সহ ৪-৫ জন ছিলেন। প্রত্যেকেই পুরুষ। দুর্ঘটনার পরই গাড়ি ছেড়ে প্রত্যেকে পালাতে শুরু করেন। যদিও চালক সহ ২ জনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় ওই গাড়িতেও। গাড়ির সবকটি কাচ ভেঙে দেয় ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আটক করা হয় গাড়ির চালককে। অন্যদিকে, দু’জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রের দাবি।