নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদমে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ কোন্দল। অভিযোগ, তার জেরে পুরসভা ভবনে ঢিল ছুড়ে কাচের প্যানেল ভাঙা হয়েছে। কিন্তু কোন গোষ্ঠীর কর্মীরা ঢিল ছুড়েছে, তা নিয়ে দমদমের সাধারণ মানুষের মতো গেরুয়া শিবিরের অন্দরে চর্চা তীব্র হয়েছে। সোমবার বিধায়ক ইঙ্গিতে বিরোধী গোষ্ঠীর দিকে আঙুল তুলেছিলেন। মঙ্গলবার পালটা সাংবাদিক সম্মেলন করে বিধায়কের দিকে চক্রান্তের আঙুল তোলা হয়েছে। শুধু তাই নয়, দমদম বিধানসভা জুড়ে নিয়োগ হওয়া ‘বিধায়ক বন্ধুরা’ তৃণমূলী কায়দায় তোলাবাজি, সিন্ডিকেটরাজ ও পুকুর ভরাট করছে বলে অভিযোগ তোলা হয়েছে। যা নিয়ে দমদম জুড়ে বিজেপির গৃহযুদ্ধ চরমে উঠেছে।
দমদমের ১ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া কয়েক বিঘার বিশাল জলাশয় পুজোর মরশুমে ভরাট শুরু হয়। খবর পেয়ে গত সপ্তাহে দলবল নিয়ে পুকুর পরিদর্শনে গিয়েছিলেন দমদমের বিজেপি নেতা তথা জেলা সম্পাদক রাজেশ সাহা। তিনি ফেসবুক লাইভ করে ‘বিধায়ক বন্ধু’ এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ করেছিলেন। শুধু তাই নয়, ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল জমানায় ভরাট হওয়া পুকুর নিয়েও তিনি সরব হয়েছিলেন। সোমবার তিনি পুরসভার প্রশাসকের কাছে সমস্যা সমাধানের দাবিতে গিয়েছিলেন। তিনি প্রশাসকের সঙ্গে আলোচনা শেষ করে বেরিয়ে আসেন। তার প্রায় মিনিট দশেক পর রাস্তা থেকে কেউ ঢিল ছুড়ে পুরসভার বাইরে লাগানো কাচের প্যানেল ভেঙে দেয়। মুহূর্তে আসরে নামেন বিধায়ক অরিজিৎ বক্সি। তিনি বলেন, রাজেশ সাহা দলবল নিয়ে পুরসভায় এসেছিলেন। প্রশাসককে হুঁশিয়ারি দিয়েছেন, তাদের কথামতো পুরসভা চালাতে হবে। ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এরপর পুরসভার কাচের প্যানেল ভাঙা হয়েছে। পুলিশকে বলেছি, কারা ভেঙেছে তা তদন্ত করে বের করা হোক। আমি দলকেও জানাব। ওই রাতে পুরসভার প্রশাসক দমদম থানায় অজানা লোকেরা পুরসভায় ঢিল ছুড়ে কাচ ভেঙেছে বলে লিখিত অভিযোগে জানান। তবে ঘটনার কোনো সিসি ক্যামেরার ফুটেজ নেই বলেও জানান।
মঙ্গলবার পালটা সাংবাদিক সম্মেলন করেন রাজেশ সাহা। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসকের সঙ্গে আলোচনা করে বেরিয়ে এসেছি। এরপর বিধায়ক এসব করিয়েছে। এই নোংরা রাজনীতি কেন বিধায়ক করাচ্ছেন, বুঝতে পারছি না। আমি পুকুর ভরাটের বিরুদ্ধে বলেছিলাম। আমি দলের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা তদন্ত করুন। রাজ্যে কোথাও বিধায়ক বন্ধু নেই। দমদম বিধানসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে এইসব লোকেদের বিধায়ক নিয়োগ করেছে। তাদের বেশিরভাগ তৃণমূলের লোক। তারা তৃণমূলী কায়দায় তোলাবাজি, সিন্ডিকেট ও প্রোমোটাররাজ চালাচ্ছে। এই বিষয়ে মতামতের জন্য অরিজিৎবাবুকে ফোন করা হলেও তিনি তা ধরেননি। হোয়াটসঅ্যাপ কল বা মেসেজেরও জবাব দেননি।



