মদ-মাছভাত খেয়ে ৭ লক্ষ টাকা ও  দলিল নিয়ে চম্পট
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ : চুরি করতে এসে শুধু সোনাদানা নিয়ে মন ভরে না এখনকার চোরেদের। তারা জমিয়ে খাওয়াদাওয়া করে। মদ্যপান-টানও করে। তারপর চুরি করে পালায়। এরকম একাাধিক খবর আজকাল শোনা যায়। এমন আর একটা ঘটনা এবার ঘটল গাইঘাটায়। ছোটো সেহানা গ্রামে এক গৃহস্থের তালাবন্ধ বাড়িতে ঢুকেছিল কয়েকটি চোর। ঢুকে ক্যাবিনেটে থাকা মদের বোতল বের করে। ফুর্তিতে পান করে। তারপর ফ্রিজ খুলে মাছের ঝোল আর ভাত বের করে গরম করে খায়। খেয়েদেয়ে ধীরেসুস্থে নগদ ৭ লক্ষ টাকা, বাড়ির দলিল, কাঁসা ও পিতলের বাসনকোসন ব্যাগে ভরে চম্পট দেয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গল্পে চোরেদের মজার মজার কাণ্ড চোখে পড়ে। এই চোরগুলিও কম মজার নয়। টাকা-বাসন হাতিয়ে তাদের মন ভরেনি। দু’ক্রেট কাঁচা ডিম ছিল বাড়িতে। সে দু’টিও নিয়েছে। সম্ভবত খিদে পেলে ওমলেট করে খাবে। এতসব কাণ্ড তারা ঘটিয়েছে ওই বাড়িতে, তাতে কম সময় লাগেনি। যা দেখে তদন্তকারীদের একাংশ মনে করছেন, বাড়ির মালিকের ফিরতে যে সময় লাগবে তা তারা জানত। তাই ধীরেসুস্থে কাজ করেছে। তাড়াহুড়ো করেনি। 

Advertisement

জানা গিয়েছে, সেহানা গ্রামের বাসিন্দা পেশায় কন্ট্রাক্টর হেমন্ত সরকারের বাড়িতে ঘটেছে এই চুরির ঘটনা। রবিবার পরিবার নিয়ে দক্ষিণ দিনাজপুরে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন হেমন্তবাবু। বাড়ি ছিল ফাঁকা। সোমবার সকালে বাড়ি ফেরেন। দেখেন, দরজায় লাগানো তালাগুলি ভাঙা। গোটা বাড়ি লন্ডভন্ড অবস্থায় পড়ে। আলমারি, শোকেস ভেঙে তছনছ। হেমন্তবাবুর বক্তব্য, ‘আলমারি ভেঙে নগদ টাকা, বাসনপত্র, দলিল তো নিয়েইছে, তারা এতটাই বুদ্ধিমান যে, বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে গিয়েছে।’ 
চুরির খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্ত চলছে। একটি বিষয় ভাবাচ্ছে তদন্তকারীদের। সেটি হল, বাড়ির দলিল নিয়ে কী করবে চোরেরা? দলিল তো আর কালোবাজারে বিক্রি হয় না। তাহলে সে দলিল নিয়ে কি করতে পারে তারা। আর হার্ডডিস্ক খুলে নেওয়ার অর্থ, তাদের যেন কোনোভাবেই শনাক্ত করতে না পারা যায়। মদ খেয়ে নেশা করার পরও এত ঠান্ডা মাথায় যারা চুরির ঘটনা সংগঠিত করতে পারে, তাদের পেশাদারিত্ব মোটেও হেলাফেলা করার মতো নয়। সাম্প্রতিক একটি চুরির ঘটনায় একটি চোর মদ খেয়ে নেশা করে ওই বাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এরা সেরকম কোনো ঘটনা ঘটায়নি। পেশাদারিত্বের এটাও প্রমাণ।