নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক তরুণী জ্যোতিষীর সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে ছিলেন দশ বছর। এই সম্পর্ক থাকাকালীন ওই যুবক ফেসবুকে সূত্রে আরেক বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। গোপনেই চলতে থাকে দুই প্রেম। বছর দু’য়েক আগে লিভ-ইনে থাকা তরুণীর সঙ্গে তাঁর সম্পর্কে ছেদ পড়ে। এরমধ্যেই দ্বিতীয় তরুণীর সঙ্গে বিয়ে পাকা হয় যুবকের। আগামী ২৬ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল। তার আগেই সোমবার লিভ-ইনে থাকা সেই তরুণী সটান যাদবপুর থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শুভজিৎ দত্তকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্ত দু’জনেই একই ব্যাংকে কাজ করতেন। তাঁরা সহকর্মী ছিলেন। প্রথমে ঘনিষ্ঠতা, পরে সম্পর্কের গভীরতা বাড়লে তাঁরা লিভ-ইনে থাকতে শুরু করেন। অভিযোগ, ২০১৪ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত দু’জন একই বাড়িতে ছিলেন। তরুণীর দাবি, ওই বাড়িতে থাকাকালীন তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় শুভজিতের। কখনও কখনও জোর করে ধর্ষণও করা হয়। এর মধ্যেই তরুণী ব্যাংকের চাকরি ছেড়ে জ্যোতিষ চর্চা শুরু করেন। শুভজিৎও ব্যাংকের চাকরি ছাড়েন এবং নার্সিংহোম ব্যবসায় নামেন। তাঁদের সম্পর্ক যখন মধ্যগগনে, তখন ফেসবুকের মাধ্যমে শুভজিতের সঙ্গে আরেক তরুণীর আলাপ হয়। ক্রমে সেই বন্ধুত্ব প্রেমের পরিণতি পায়। একইসঙ্গে চলতে থাকে দুই সম্পর্ক, সবটাই গোপনে।
এদিকে, সম্পর্কে ধীরে ধীরে দূরত্ব তৈরি হওয়ায় ২০২৪ সালের নভেম্বর মাসে দশ বছরের বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হয় শুভজিতের। অভিযোগকারিণীর দাবি, ‘সম্পর্ক ভেঙে গেলেও শুভজিৎ বলেছিল, দু’বছর বাদে তাঁকেই বিয়ে করবে সে। কিন্তু প্রতিশ্রুতি রাখেনি। উলটে আরেক বান্ধবীকে তিনদিন বাদেই বিয়ে করতে চলেছে শুভজিৎ।’ আর ধৈর্য ধরে রাখতে পারেনি তিনি। সোমবার যাদবপুর থানায় হাজির হন তিনি। শুভজিতের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তার ভিত্তিতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা প্রকাশ পেতেই মাথায় হাত বিয়ের পিঁড়িতে বসতে চলা তরুণীর। তাঁর পরিবার পড়েছে অথই জলে। এই পরিস্থিতিতে আত্মীয়, নিমন্ত্রিত ও পাড়া-প্রতিবেশীদের কীভাবে সামলাবেন, সেই চিন্তাই গ্রাস করেছে তাঁদের।



