নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেকোরেটার্স সংস্থাকে দুর্ঘটনাগ্রস্ত চোরবাগানের পুজো প্যান্ডেল খোলার অনুমতি দিল লালবাজার। তারপরই মঙ্গলবার সন্ধ্যায় প্যান্ডেল খোলার কাজ শুরু হয়েছে। তবে পর্যাপ্ত কর্মী না মেলায় আজ বুধবার পুরোদমে ফের প্যান্ডেল খোলার কাজ শুরু হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সপ্তমীর রাতে বৃষ্টির মধ্যে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে চোরবাগান পুজো প্যান্ডেলে ১৯ জন দর্শনার্থীর মৃত্যু হয়। এরপর থেকেই প্যান্ডেল খোলার কাজ বন্ধ রাখা হয়েছিল। এই ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠিত হয়েছে। পাশাপাশি এই ঘটনায় লালবাজার সিট গঠন করেছে। তদন্তের স্বার্থে কমিশন ও সিটের সদস্যরা দুর্ঘটনাগ্রস্ত পুজো প্যান্ডেল পরিদর্শন সেরেছেন।



