Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

চাই চাইনিজ

অনেক সময় রেস্তরাঁয় গিয়ে খাবার অর্ডার করার সময় সঠিক আন্দাজ করতে অসুবিধে হয়। তাই কখনও খাবার বাড়তি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়, কখনও বা কম পড়ার।

চাই  চাইনিজ
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

একটু অন্যরকম তিনটি চীনে পদের রেসিপি জানালেন চাওম্যান রেস্তরাঁর এগজিকিউটিভ শেফ রাম বাহাদুর বুধাঠোকি। 

Advertisement

অনেক সময় রেস্তরাঁয় গিয়ে খাবার অর্ডার করার সময় সঠিক আন্দাজ করতে অসুবিধে হয়। তাই কখনও খাবার বাড়তি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়, কখনও বা কম পড়ার। এবার আর সেই ঝামেলায় যেতে হবে না। চাওম্যান রেস্তরাঁর মিল বক্সের সাহায্যে যে ক’জন লোক সেই মতো অর্ডার দিতে পারবেন। এই মিল বক্স চার, ছয়, আট জনের অনুপাতে সাজানো। রাইস, চিকেন ফিশ, স্টার্টার, মেন কোর্স সবই পাবেন তাতে। ফলে লোকের হিসেবে  মিল বক্স অর্ডার করতে পারেন। এই মিল বক্সে মেনুর নানা রকম বৈচিত্র্য পাবেন। রাইস, নুডলস, চিকেন, ফিশ বা ল্যাম্বের বিভিন্ন ধরন থাকবে। আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। তার থেকেই একটু আলাদা স্টার্টার, মেন কোর্স ও সাইড ডিশের রেসিপি জানালেন রেস্তরাঁর এগজিকিউটিভ শেফ।

চিলি গার্লিক রাইস উইথ চিকেন

উপকরণ: বাসমতী চাল ২ কাপ, বোনলেস চিকেন ১ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনো লঙ্কা ২টো, শুকনো লঙ্কা বাটা ১ টেবিল চামচ, সয়া স্যস ১ চা চামচ, ভিনিগার ১ চা চামচ, নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ শাক পরিমাণ মতো।

পদ্ধতি: একটা কড়াইতে তেল গরম করে নিন। তাতে রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে নিন। বোনলেস চিকেনে ভিনিগার, নুন ও গোলমরিচ মাখিয়ে নিন। তারপর তা কড়াইতে দিয়ে নেড়ে নিন। তাতে শুকনো লঙ্কা বাটা মেশান। সবটা নেড়ে মিশিয়ে নিন। সয়া স্যস আর ভিনিগার দিয়ে নেড়ে নিন। সবটা মিশে যাওয়া পর্যন্ত নাড়বেন। ইতিমধ্যে একটু শক্ত করে ভাত রান্না করে নিন। মোটামুটি ৮০ শতাংশ রান্না করবেন। এরপর এই ভাত চিকেনের সঙ্গে মিশিয়ে দিন। এবং সবটা একসঙ্গে নেড়ে নিন। পরিমাণ মতো নুন দিন। বাকি সব মশলা ভাতের সঙ্গে মিশিয়ে দিন। ভালো করে নেড়ে নিয়ে নামানোর আগে পেঁয়াজ শাক কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

চিলি ওয়াইন ফিশ

উপকরণ: ভেটকি বা বাসা মাছের ফিলে ১৫০ গ্রাম, ময়দা ১০ গ্রাম, কর্নফ্লাওয়ার ১৫ গ্রাম, ডিম ১টা, লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম চৌকো করে কাটা ২০ গ্রাম করে, তেল পরিমাণ মতো, রসুন কুচি ১০ গ্রাম, সেলেরি পাতা ৫ গ্রাম, কাঁচালঙ্কা বাটা ১০ গ্রাম, টম্যাটো স্যস ৫ গ্রাম, নুন ও চিনি স্বাদ মতো, শামরিচ গুঁড়ো সামান্য, পট্যাটো স্টার্চ ১০ গ্রাম, ওয়াইন  গ্লাস, পেঁয়াজ শাক দরকার মতো।

পদ্ধতি: একটা বড় মিক্সিং বোলে ময়দা ও কর্নফ্লাওয়ার নিন। তাতে নুন, শামরিচ মিশিয়ে নিন। তারপর ডিম ফেটিয়ে নিন। তা ময়দার মিশ্রণে মিশিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করুন। মাছের ফিলেতে নুন ও মরিচ মাখিয়ে নিন। তারপর তা এই ব্যাটারে ডুবিয়ে রেখে দিন। কিছুটা সময় রেখে দিন। তারপর ছাঁকা তেলে ভেজে নিন। পেপার টাওয়েলের উপর রেখে বাড়তি তেল ঝরিয়ে নিন। এবার একটা কড়াইতে অল্প তেল গরম করে নিন। এবার সেলেরি, রসুন দিয়ে ভাজুন। তারপর সবরকম ক্যাপসিকাম দিন। স্যস মিশিয়ে নাড়তে থাকুন। এরপর পট্যাটো স্টার্চ জলে গুলে নিন। তারপর তা এই মিশ্রণে দিয়ে নাড়তে থাকুন। গ্রেভি ঘন হয়ে গেলে ওয়াইন মেশান। সবটা একসঙ্গে নেড়ে নিয়ে ভাজা মাছ দিয়ে দিন। একটুক্ষণ ফুটিয়ে নিয়ে নামান। উপর থেকে পেঁয়াজ শাক কুচি ছড়িয়ে পরিবেশন করুন।  

স্মোকি চিলি চিকেন

উপকরণ: চৌকো টুকরো করে কাটা বোনলেস চিকেন ১৮০ গ্রাম, ময়দা ১০ গ্রাম, কর্নফ্লাওয়ার ১৫ গ্রাম, ডিম ১টা, লাল ক্যাপসিকাম ১৫ গ্রাম, হলুদ ক্যাপসিকাম ১৫ গ্রাম, পেঁয়াজ ১টা, সাদা তেল পরিমাণ মতো, রসুন কুচি ১০ গ্রাম, টম্যাটো স্যস ৩ টেবিল চামচ, স্মোকড চিলি স্যস ২ টেবিল চামচ, পেঁয়াজ শাক প্রয়োজন মতো।

পদ্ধতি: একটা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার ও ফেটানো ডিম একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করুন। মোটা করে এই ব্যাটার তৈরি করে তাতে নুন ও মরিচ মিশিয়ে নিন। এবার চিকেনগুলো এই ব্যাটারে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে নিন। এবার একটা কড়াইতে অল্প তেল গরম করে নিন। তাতে রসুন কুচি ভেজে নিন। তারপর পেঁয়াজ ও সরু লম্বা করে কাটা ক্যাপসিকাম (লাল, হলুদ) ভাজুন। নুন ও মরিচ মেশান। একটু নরম হলে টম্যাটো স্যস ও স্মোকড চিলি স্যস যোগ করুন। একসঙ্গে নাড়ুন। সবটা মিশে গেলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিন। একসঙ্গে নেড়ে মিশিয়ে নিন। তারপর উপর থেকে পেঁয়াজ শাক কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ